National

সাপের ছোবল নিয়ে অভিনব সিদ্ধান্ত নিল আরব পারের রাজ্য

সাপের ছোবল ভারতের বিভিন্ন প্রান্তে আকছার ঘটে থাকে। সেই সাপের ছোবলকে এবার একটি রাজ্যসরকার বিশেষ তকমা দিল। নিল এক অভিনব পদক্ষেপ।

সাপের ছোবলে ভারতে প্রতিবছর অনেক মানুষের জীবন যায়। অনেকের জীবন না গেলেও তাঁদের শারীরিক ক্ষতি হয়ে যায়। সাপের ছোবলের শিকার হলে ওই ব্যক্তিকে প্রতিষেধক দিয়ে সারানো হয়। তবে সব সময় যে সময়ে ওই ব্যক্তিকে চিকিৎসকের কাছে আনা হয় তেমনটা নয়।

আবার অনেকে কুসংস্কারকে বিশ্বাস করে সাপের বিষ নষ্ট করতে প্রতিষেধক নয়, ওঝায় ভরসা রাখেন। এবার মহারাষ্ট্র সরকার সাপের ছোবল নিয়ে অভিনব পদক্ষেপ করল। সে রাজ্যে সাপের ছোবলকে নোটিফায়েড ডিজিজ বা ঘোষিত রোগ হিসাবে চিহ্নিত করা হল।

সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ, বেসরকারি হাসপাতাল বা ব্যক্তিগতভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া চিকিৎসক এবার থেকে আইনত সাপের ছোবলে আক্রান্তের কথা জানাতে বাধ্য থাকবেন।

সাপের ছোবল খেয়েছেন, অথবা মনে হচ্ছে কেউ সাপের ছোবলে আক্রান্ত এমন কিছু সামনে এলে বিষয়টি সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাতে হবে। এই ঘোষণার ফলে আগামী দিনে সাপের ছোবল সংক্রান্ত ঘটনায় নজরদারি বাড়বে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা হবে।

অ্যান্টি স্নেক ভেনম বা সাপের বিষের প্রতিষেধক বণ্টন ব্যবস্থা আরও সুচারু ভাবে চলবে। এমনই মনে করছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী প্রকাশ আবিতকর।

হাসপাতাল ও চিকিৎসকদের দেওয়া এই সর্প দংশন সংক্রান্ত খবরগুলি একটি ডিজিটাল ডেটার আকারে সংরক্ষিত করা হবে। আগামী দিনে স্থান, ঋতু, পরিবেশগত বিষয় পর্যালোচনা করে কোথায় সাপের ছোবল বেশি হয়েছে, কোথায় কম হয়েছে তা খতিয়ে দেখবেন বিশেষজ্ঞেরা। তাতে পরবর্তীকালে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে সুবিধা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App