আসন্ন এল নিনো মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিল দেশের এক রাজ্য
এল নিনো আঘাত হানতে চলেছে। তার আগে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিল ভারতের একটি রাজ্য। পুরো বিষয়টি নিয়ে আলোচনা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।
এল নিনো যে ভয়ংকর প্রভাব ফেলতে চলেছে সে বিষয়ে নিশ্চিত আবহবিদেরা। এবার যে এল নিনো তার চরম রূপ দেখাতে চলেছে তা ১ হাজার বছরে দেখা যায়নি। এই এল নিনোকে সুপার এল নিনো বলেই ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞেরা।
এল নিনো কোথাও খরা, কোথাও বন্যা, কোথাও আবার দাবানলের জন্ম দেবে। পরিবেশ বদলে যাবে। অচেনা পরিস্থিতির মুখে পড়তে হবে সাধারণ মানুষকে। কারও জানা নেই পৃথিবীর কোন অংশে তা কেমন প্রভাব ফেলতে চলেছে।
ভারতের কোথায় কেমন প্রভাব দেখা যাবে তাও পরিস্কার নয়। তাই সবদিক থেকে সবরকম অবস্থার মোকাবিলায় প্রস্তুতি নেওয়া শুরু করে দিল ভারতের উত্তরপূর্বের রাজ্য মেঘালয়।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জরুরি বৈঠক ডেকে বিষয়টি নিয়ে প্রস্তুতিতে জোর দিয়েছেন। সে রাজ্যের মানুষের যাতে পানীয় জলের কোনও সমস্যা না হয়, চাষাবাদে কোনও সমস্যা হলে যাতে মোকাবিলা করা যায় ও ঝুঁকিপূর্ণ জলভাগগুলিকে সুরক্ষিত রাখার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।
রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়গুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি সেরে রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী সাংমা। যাতে এল নিনো মেঘালয়ের ওপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করলে তা সমস্যার কারণ না হয়।
একদম ব্লক স্তর পর্যন্ত পরিবেশ সংক্রান্ত দলকে সক্রিয় থাকার পরামর্শ দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। রাজ্যের দফতরগুলির মধ্যে সমঝোতা বাড়ানোর কথাও বলেছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











