ভারতের প্রথম সৌরশক্তির গ্রাম ও তার হাজার বছরের ইতিহাসের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
এটাই ভারতের প্রথম সৌর গ্রাম। যার সঙ্গে জড়িয়ে আছে সূর্যকেন্দ্রিক হাজার বছরের ইতিহাস। সে স্থানের কথাই এবার জায়গা পেল প্রধানমন্ত্রীর মুখে।
১০২৫ সালে রাজা প্রথম ভীমদেবের ঐকান্তিক প্রচেষ্টায় মাত্র ১ বছরের মধ্যে তৈরি হয়েছিল একটি মন্দির। একটি সূর্য মন্দির। যার জ্যামিতিক স্থাপত্য ১ হাজার বছর পরেও মানুষকে অবাক করে।
সে সময় গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ করেন গজনীর সুলতান মাহমুদ। সে সময় গজনীর সুলতান কেবল সোমনাথ মন্দিরই আক্রমণ করেননি, সেই সঙ্গে মোধেরার সদ্য নির্মিত সূর্য মন্দিরেও হানা দেন। সূর্য মন্দিরের বড় ক্ষতি হয়।
কিন্তু রাজা ভীমদেব ১০২৬ সালে অর্থাৎ মাত্র ১ বছরের মধ্যেই সেই মন্দিরকে ফের তৈরি করে ফেলেন। এই সূর্য মন্দির তারপরেও নানা সময়ে আক্রমণের শিকার হয়েছে।
আলাউদ্দিন খিলজিও এখানে হানা দেন। কিন্তু মোধেরার সূর্য মন্দির আজও গৌরবের সঙ্গে দাঁড়িয়ে আছে। যেমন রয়েছে সোমনাথ মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসব কথাই তুলে ধরেন তাঁর ১৩৮ তম মন কি বাত রেডিও অনুষ্ঠানে।
প্রতিমাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রীর মন কি বাত। সেখানেই এদিন মোধেরার সূর্য মন্দিরের হাজার বছরের ইতিহাসের সঙ্গে বর্তমান সময়ের একটি যোগসূত্রের কথা বলেন প্রধানমন্ত্রী।
মোধেরায় সূর্যের তেজের শক্তিকে কাজে লাগানো হচ্ছে। এটাই ভারতের প্রথম সৌর গ্রামের তকমা পেয়েছে। হাজার বছরের সূর্য মন্দিরের গৌরব থেকে শুরু করে বর্তমানে দেশের প্রথম সৌর গ্রাম হয়ে ওঠা, মোধেরার এই সূর্য যোগ নিয়ে এদিন মন খুলে কথা বলেন প্রধানমন্ত্রী।











