National

গ্রীষ্মের আগুনে গরম ফিরল ৬ জেলায়, পার করল ৪০ ডিগ্রি তাপমাত্রার পারদ

সেপ্টেম্বরের শেষে শীতের পরশ না এলেও আলগা একটা শরতের ছোঁয়া থাকে। সেখানে গ্রীষ্মের আগুনে গরম ফিরে এল ৬ জেলায়। পার করল ৪০ ডিগ্রি।

গ্রীষ্ম নয়, শরতকাল। এই সময় থেকেই শীত না হলেও একটা শীতের আলগা পরশ অনেক জায়গায় উপভোগ করা যায়। সেখানে দেশের ৬ জেলায় ফিরল ৪০ ডিগ্রির আগুনে পারদ। সেখানে এখন ৪০ ডিগ্রি পার করে জ্বলছে চারধার।

গ্রীষ্মের অনুভূতি শরতের মাঝামাঝিতে পাওয়া যাচ্ছে। বারমেরে পারদ চড়েছে ৪৩.৬ ডিগ্রিতে। এটাই সর্বোচ্চ। এর পেছনেই রয়েছে জয়সলমীর। সেখানে পারদ পৌঁছে গেছে ৪৩.২ ডিগ্রিতে।

সেপ্টেম্বর মাসে রাজস্থানের এই ২ জেলার পারদ গত ১০ বছরে এতটা চড়েনি। এর বাইরে যোধপুরে পারদ পৌঁছে গেছে ৪১.৭ ডিগ্রিতে। বিকানেরে পারদ ছুঁয়েছে ৪১.৬ ডিগ্রি। চুরু জেলায় তাপমাত্রা ৪০.৫ ডিগ্রিতে পৌঁছে গেছে। ৪০.৩ ডিগ্রিতে জ্বলছে নাগৌর।

পশ্চিম রাজস্থান জুড়ে সবে বিদায় নিয়েছে বর্ষা। আর বর্ষা বিদায়ের পরই সেখানে পারদ হুহু করে চড়েছে। গ্রীষ্মের জন্য যে প্রস্তুতি সেখানকার মানুষের থাকে, সেপ্টেম্বরের শেষে পৌঁছে একইভাবে নিজেদের গরম থেকে বাঁচানোর লড়াই চালাচ্ছেন স্থানীয়রা।

এই সময় এমন গরম তাঁদের কাছে অপরিচিত। এই ৬ জেলায় এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ থেকে ৬ ডিগ্রি বেশিতে ঘোরাফেরা করছে পারদ। রাজস্থান জুড়েই একটা শুকনো আবহাওয়া বিরাজ করছে। যার সঙ্গে সঙ্গত দিচ্ছে অসহ্য গরম।

ভাল বৃষ্টি এই গরম থেকে রেহাই দিতে পারে। কিন্তু রাজস্থানের কয়েক জায়গায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও প্রবল বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article