National

প্রধানমন্ত্রীর বক্তব্যে জায়গা পেল সুন্দরবনে বাঘের জন্য স্বামীহারা নারীদের কথা

প্রধানমন্ত্রীর গলায় উঠে এল সুন্দরবনের কথা। সুন্দরবনের সেইসব নারীদের কথা যাঁরা বাঘের জন্য স্বামীদের হারিয়েছেন। তাঁদের বেঁচে থাকার মাধ্যম ও সুন্দরবন রক্ষা এখন সমার্থক।

পশ্চিমবঙ্গের মানচিত্রে সুন্দরবন এমন এক জায়গা যা একাধারে বিশ্ববাসীর অন্যতম কৌতূহলের জায়গা। সে জায়গা তার রয়্যাল বেঙ্গল টাইগারের পাদচারণা থেকে গহন জঙ্গল, বদ্বীপ থেকে জল ও সবুজের মিলনের জন্য বিখ্যাত।

সুন্দরবনের মানুষদের কিন্তু বেঁচে থাকার লড়াইটা কোনওকালেই নেহাত সহজ ছিলনা। জীবিকার প্রয়োজনে এখানকার অনেক পুরুষ গহন জঙ্গলে প্রবেশ করেন। যেখানে পদে পদে থাকে জীবনের ঝুঁকি। বাঘের পেটে গেছেন এমন মানুষের সংখ্যাও কম নয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৮ তম অধ্যায়ে সেইসব নারীদের কথা তুলে ধরলেন যাঁদের স্বামীদের জীবন কেড়েছে বাঘ। এই নারীরা কিন্তু তাঁদের কাজের মধ্যে দিয়ে সুন্দরবনকে রক্ষা করছেন। এখানকার প্রকৃতিকে রক্ষা করছেন।

প্রধানমন্ত্রী সুন্দরবনের ঝড়খালির কিছু মহিলার কথা তুলে ধরেন যাঁরা ম্যানগ্রোভ অরণ্য রক্ষার লড়াই চালাচ্ছেন। ম্যানগ্রোভ গাছ রোপণ করছেন। ম্যানগ্রোভ অরণ্যকে রক্ষা করে চলেছেন।

এটাই এখন তাঁদের জীবিকা। আবার এভাবেই সুন্দরবন রক্ষা হচ্ছে। রক্ষা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। কারণ ম্যানগ্রোভ হারিয়ে যাওয়া মানে সুন্দরবন হারিয়ে যাওয়া।

ম্যানগ্রোভ রোপণ করে এই মহিলারা তাঁদের গ্রামকেও রক্ষা করছেন প্রকৃতির বিরূপ প্রভাবের হাত থেকে। এসব নারীদের কথা উঠে এল প্রধানমন্ত্রীর কণ্ঠে। তাঁদের কাজের তারিফ করার পাশাপাশি সাধারণ মানুষকে প্রকৃতি রক্ষায় ব্রতী হওয়ার বার্তাও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Show Full Article