৪ জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা, পুজোর বাজার কি ভাসবে
বৃষ্টির সতর্কতা জারি হল। মূলত ৪ জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পুজোর আগে তবে কি বাজার ডুবল?
পুজোর আর কয়েকদিন বাকি। মহালয়া দরজায় কড়া নাড়ছে। এই সপ্তাহ শেষ বাদ দিলে বাকি থাকবে আর একটিই সপ্তাহান্ত। আর সপ্তাহ শেষ মানেই পুজোর বাজারে উপচে পড়া ভিড়।
কিন্তু পুজোর কেনাকাটার ভিড় একটা সহজ প্রাকৃতিক শর্তের ওপর দাঁড়িয়ে থাকে। বৃষ্টি বাধ সাধলে কেনাকাটায় ভাটা পড়ে। মানুষ বৃষ্টির মধ্যে কেনাকাটা করেননা। তাই এই সময় আর বৃষ্টি চান না কেউ।
কিন্তু প্রকৃতি তো তার নিজের মতই চলবে। তাই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। রাজ্যের ৪টি জেলায় রবিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ফলে সেখানে রবিবারের পুজোর বাজার ধাক্কা খেতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিরও পূর্বাভাস নেই। আছে উত্তরবঙ্গের ৪ জেলায়।
জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে এখানে পুজোর বাজার ভিজতে পারে। বাকি রাজ্যে বর্ষা পাততাড়ি গোটানোর মুহুর্তে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এখন দেশের দক্ষিণ প্রান্তের কিছু জায়গা বাদ দিলে আর কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা। পশ্চিমবঙ্গেও একের পর এক বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে হতে থাকা বৃষ্টির দাপট এখন অনেকটাই কমেছে।











