National

একদিনে বদলে গেল জীবন, মাটির তলা থেকে একসঙ্গে ৪টি হিরের টুকরো পেলেন এক মহিলা

একদিনে কীভাবে কারও জীবন বদলে যেতে পারে তার উদাহরণ হয়ে রইল এই মহিলার কাহিনি। মাটির তলা থেকে একদিনে ৪টি হিরের টুকরো পেয়ে তিনি এখন চর্চায়।

খুব একটা গভীর পর্যন্ত মাটি কাটতে হয়নি। তার আগেই মাটির মধ্যে মিশে থাকা ১টি হিরের টুকরো তাঁর হাতে আসে। থামেননি তিনি। আর তাতেই দেখা যায় দিনের শেষে ৪টি হিরের খণ্ড তাঁর হাতে। মাটির তলায় হিরের খণ্ডগুলো যেন তাঁরই অপেক্ষা দিন কাটিয়েছে।

একদিনে যে ৪টি হিরের টুকরো পাওয়া যেতে পারে তা পান্নার অন্য অনেক হিরে তল্লাশিতে যুক্ত মানুষের স্বপ্নের অতীত। এর আগেও মধ্যপ্রদেশের এই হিরে ছড়িয়ে থাকা পান্নায় মাটি খুঁড়ে হিরে পাওয়া গেছে। অনেক কৃষকের জীবন বদলে গেছে সেই হিরে থেকে। কিন্তু একসঙ্গে ৪টি হিরে পাওয়ার ঘটনা তেমন দেখতে পাওয়া যায়নি।

গুড্ডি শ্রীনিবাস একটি ব্যক্তিগত জমিতেই মাটি খুঁড়ে এই হিরে পান। নিয়ম মেনে তা পান্নার ডায়মন্ড অফিসে জমাও দেওয়া হয়। যে ৪টি হিরে তিনি পেয়েছেন তার ওজন ৫ ক্যারেটের ওপর। বিশেষজ্ঞেরা খতিয়ে দেখে জানিয়েছেন তার মূল্য ১০ লক্ষ টাকা হওয়া উচিত।

তবে এই দামেই যে এগুলি বিক্রি হবে এমন কোনও কথা নেই। নিলামে তোলা হবে এই হিরেগুলি। সেখানে যে দামে সেগুলি বিক্রি হবে সেটাই এই হিরেগুলির দাম।

গুড্ডি শ্রীনিবাস সেই নিলামের অপেক্ষায় আছেন। কারণ নিলামে বিক্রি হওয়ার পর সেই অর্থের একটা অংশ তিনি পাবেন। গুড্ডি ওই টাকা হাতে পেলে প্রথমে সেই টাকার একটা অংশ তাঁর সন্তানদের পড়াশোনায় খরচ করবেন। আর কিছু অংশ বাড়ির জিনিসপত্র কেনায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article