বক্সার জঙ্গলে শোনা গেল বাঘের গর্জন, আসছে আরও বাঘ
বাংলার অন্যতম গহন অরণ্য বক্সা। যেখানে ২ অক্টোবর শোনা গেল বাঘের গুরুগম্ভীর গর্জন। সেই বুক কাঁপানো গর্জনে খুশি বন আধিকারিক থেকে সাধারণ মানুষ।
আলিপুরদুয়ারের বক্সা জঙ্গলে অনেক প্রাণির বাস। এবার সেখানে বাঘের হুংকার শোনা শুরু হল। গান্ধী জয়ন্তীকে সামনে রেখে বক্সার জঙ্গলে এক বাঘিনীকে ছাড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপিন্দর যাদব।
এ জঙ্গলে যে বাঘিনীকে ছাড়া হল তাকে নিয়ে আসা হয়েছে বিহারের চম্পারণের বাল্মীকি অভয়ারণ্য থেকে। যেখানে এই বাঘিনীকে কাবু করার পর গোরক্ষপুর থেকে আকাশপথে নিয়ে আসা হয় হাসিমারায়। নিয়ে আসে সেনা হেলিকপ্টার।
তারপর হাসিমারা থেকে বাঘিনীটিকে নিয়ে আসা হয় বক্সায়। এখানে আনা হয় দিন ২ আগেই। তবে এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ২ দিন ধরে তাকে জঙ্গলের মধ্যেই একটি ঘেরাটোপে রাখা হয়। অবশেষে এদিন বক্সা জঙ্গলে বাঘিনীটিকে ছেড়ে দেওয়া হয়।
বক্সার জঙ্গলে বাঘের পাদচারণা আরও বাড়াতে উদ্যোগী রাজ্যসরকার। তাই আগামী ২ মাসের মধ্যেই আরও ৩টি বাঘ এখানে ছাড়ার পরিকল্পনা রয়েছে শুভেন্দু অধিকারী সরকারের।
বাংলার পর্যটন শিল্পকে আরও উন্নত করে তুলতে, দেশ বিদেশের পর্যটকদের আরও বেশি করে পশ্চিমবঙ্গে আসার প্রতি আকর্ষিত করতে তিনি যে কাজ চালিয়ে যাবেন তা পরিস্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বক্সার জঙ্গলে বাঘের সংখ্যা বৃদ্ধি করতে চাইছে রাজ্যসরকার। সম্প্রতি বিভিন্ন রাজ্যের জঙ্গলে প্রাণি বৈচিত্র্য বৃদ্ধি করতে অন্য রাজ্য থেকে প্রাণি নিয়ে আসার প্রক্রিয়া যথেষ্ট গতি পেয়েছে।











