National

দেশে বর্ষায় বৃষ্টি ঘাটতি হয়েছে, এবার ঢুকছে দ্বিতীয় বর্ষা, সেখানে কেমন হবে বৃষ্টি

ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ৪ মাস শেষ হয়েছে। ফলে বর্ষা বিদায় নিয়েছে বলেই ধরা হচ্ছে। কিন্তু দ্বিতীয় বর্ষা এবার ঢুকতে চলেছে। কোথায় হবে বৃষ্টিপাত।

জুন, জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর, এই ৪ মাস ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের মাটিতে বর্ষা ঝরিয়েছে। সেই বর্ষাকাল শেষ হয়েছে সেপ্টেম্বর শেষ হওয়ার সঙ্গে। যদিও বর্ষা এখনও দেশের সব জায়গা থেকে বিদায় নেয়নি। অক্টোবরের মধ্যভাগের মধ্যে ভারতের সব অংশ থেকে বিদায় নেবে বর্ষা।

এবার বর্ষা ঘাটতি নজরে পড়ার মত হয়েছে। স্বাভাবিকের চেয়ে ১৩ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। মহারাষ্ট্র খরায় আক্রান্ত। বর্ষা ঘাটতির সঙ্গে এবার নতুন চিন্তা এল নিনো-র দাপট। এই এল নিনো-র জন্যই এবার কম বৃষ্টি পেল দেশ। এবার সেই এল নিনো আরও ভয়ংকর রূপ নেওয়ার কথা।

এদিকে ভারতে বর্ষা বিদায় মানে দ্বিতীয় বর্ষার আগমনের অপেক্ষা। এতদিন বর্ষা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে। এবার বর্ষা হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে।

এই দ্বিতীয় বর্ষা অক্টোবরের মধ্যভাগ পার করলে যে কোনও সময় প্রবেশ করতে পারে বলেই মনে করছেন আবহবিদেরা। এই দ্বিতীয় বর্ষার জেরে বৃষ্টি পাবে তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, দক্ষিণ কর্ণাটক, রায়লসীমা, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা।

আবহবিদেরা মনে করছেন উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে এই দ্বিতীয় বর্ষায় কিন্তু স্বাভাবিক বৃষ্টিপাতই হবে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হয় এই বর্ষা। এই সময় দক্ষিণ ভারতের একটা বড় অংশ বর্ষা পায়। যা পায় উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article