National

ভারত পাক সীমান্তের কাছে সড়কপথে নামল ভারতীয় সেনার হেলিকপ্টার

বিমান হোক বা হেলিকপ্টার, এগুলি সাধারণত তার নামার মত বিশেষ জায়গায় নামে। এবার একটি গাড়ি চলাচলের হাইওয়ের ওপর নেমে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার।

ভারত পাকিস্তান সীমান্ত থেকে এ রাস্তা খুব দূরে নয়। চারধারে বালির প্রাধান্য রয়েছে। মরু এলাকা বলাই ভাল। এখানেই রয়েছে পিচ ঢালা হাইওয়ে। ৯১১ নম্বর ভারতমালা জাতীয় সড়ক।

সেই রাস্তায় গাড়ি চলাচল করে নিত্য। সেই রাস্তায় যে কখনও হেলিকপ্টারও নামবে তা বোধহয় এখানকার স্থানীয় মানুষ ভাবতে পারেননি। তবে সেটাই হল।

ভারতীয় সেনার তরফে এক প্রচেষ্টা সফল হল। ভারতীয় সেনা হেলিকপ্টার প্রয়োজনে এখানে অবতরণ করতে পারে কিনা, কোনও জরুরি প্রয়োজনে তাদের অবতরণে কোনও অসুবিধা হচ্ছে কিনা, পিচের রাস্তায় এভাবে হেলিকপ্টার নেমে পড়লে রাস্তার বা কপ্টারের কোনও সমস্যা হচ্ছে কিনা, এমন নানা দিক খতিয়ে দেখা হয়।

জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে এটা ছিল একটি পরীক্ষামূলক পদক্ষেপ। যাতে দারুণভাবে সফল হল ভারতের ৩ গর্বের সেনা হেলিকপ্টার চেতক, ধ্রুব এবং রুদ্র।

মরু এলাকায় এমন অবতরণের অনেক পরিবেশগত চ্যালেঞ্জ থাকে। সেখানে হেলিকপ্টার নামার উপযুক্ত স্থান না হওয়া সত্ত্বেও সাধারণ গাড়ি চলাচলের রাস্তায় এভাবে হেলিকপ্টার নামানো নেহাত সহজ কাজ ছিলনা।

রাজস্থানের বিকানের জেলার দঁতৌর-এ জাতীয় সড়কের ওপর অতি সন্তর্পণে সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখে সেনা হেলিকপ্টারগুলিকে অবতরণ করান পাইলটরা। এই পরীক্ষামূলক পদক্ষেপ ৩০ মিনিট ধরে চলে। যে সড়কের ওপর এই পরীক্ষা করে ভারতীয় সেনা তার মাত্র ৮০ কিলোমিটার দূরেই রয়েছে ভারত পাকিস্তান সীমান্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article