চন্দ্রভাগা নদীর ওপর বিশ্বের উচ্চতম সেতুতে নতুন ইতিহাস লিখল বন্দে ভারত
বিশ্বের সর্বোচ্চ সেতুর শিরোপা রয়েছে ভারতের ঝুলিতে। সেই সেতুর ওপর এবার নতুন ইতিহাস রচনা করল বন্দে ভারত। যা কার্যত তাক লাগিয়ে দিয়েছে গোটা দুনিয়াকে।
চন্দ্রভাগা নদীর ওপর রয়েছে বিশ্বের উচ্চতম সেতু। যা তৈরি একটা ইঞ্জিনিয়ারিং বিস্ময় বলেই ব্যাখ্যা করা হয়। ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের এই বিস্ময়ের ওপর তৈরি হল আর এক বিস্ময়।
জম্মু কাশ্মীরের কাটরা বানিহাল সেকশনে তৈরি এই সেতুটি চন্দ্রভাগা নদীর ওপর তৈরি হয়েছে। চন্দ্রভাগা নদী থেকে ১ হাজার ১৭৮ ফুট উচ্চতা দিয়ে এই সেতু দিয়ে ছুটে চলে ট্রেন।
বিশ্বের এই সর্বোচ্চ রেল সেতুর ওপর দিয়ে বন্দে ভারতও বেশ কিছুদিন ধরেই যাত্রী পরিবহণ করছে। এই ব্রিজে তার সর্বোচ্চ গতি থাকত ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টার মত। কিন্তু তা আর রইল না।
বিশ্বকে অবাক করে ২ পাহাড়ের মাঝে নদী খাদের ওপর তৈরি এই ব্রিজের ওপর ৪ হাজার ৩১৪ ফুট রেলপথ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পার করল বন্দে ভারত। এই প্রথম এতটা গতিতে কোনও ট্রেন বিশ্বের উচ্চতম রেল ব্রিজটি পার করল। ফলে লেখা হল নতুন ইতিহাস। যা আগে কখনও হয়নি।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সাফল্যের কথা সমাজ মাধ্যমে জানিয়েছেন। শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা ও বানিহাল সেকশনে আঞ্জি ব্রিজের ওপর দিয়ে বন্দে ভারতের ছুটে চলা ছিল পরীক্ষামূলক। আর তাও সফল হয়েছে।
এই সেকশনের পুরো রেলপথের গতিসীমা বদল করা হচ্ছে। ৭৫ থেকে বাড়িয়ে এটিকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছোটার ছাড়পত্র দিল উত্তর রেল। যা এই রুটে যেমন গতি বাড়াবে, তেমন যাত্রীদের আরও আগে গন্তব্যে পৌঁছে দেবে। ১১১ কিলোমিটারের কাটরা বানিহাল রেলপথে যাতায়াত আরও কম সময়ে হবে। যা দেশের রেল যোগাযোগের ক্ষেত্রেও একটা বড় মাইলফলক।











