মরসুমের প্রথম তুষারপাতে সাদা উত্তরাখণ্ডের অন্যতম পর্যটনস্থল, ঢাকল হিমাচলের কিন্নর
সেপ্টেম্বর এখনও শেষ হয়নি। বর্ষাও এখনও দেশ থেকে বিদায় নেয়নি। তার মধ্যেই শুরু হয়ে গেল তুষারপাত। মরসুমের প্রথম তুষারপাতে বরফে ঢেকে গেল উত্তরাখণ্ডের অন্যতম পর্যটনস্থল।
সেপ্টেম্বর প্রায় শেষ। রাজস্থানে এখন পারদ অনেক জায়গায় ৪৩ ডিগ্রিও ছুঁয়েছে। বর্ষা বিদায়ের পালা সবে শুরু হলেও দেশজুড়ে বর্ষা বিদায় নিতে দেরি আছে। তারওপর এবার এল নিনো-র চোখ রাঙানিতে শীতের দফারফা হওয়ার সম্ভাবনা যথেষ্ট।
কিন্তু তার মধ্যেও সেপ্টেম্বরেই মরসুমের প্রথম তুষারপাতে ঢেকে গেল উত্তরাখণ্ডের অনেক পাহাড়ি জায়গা। যার মধ্যে রয়েছে হেমকুণ্ড সাহিবের মত স্থানও।
এছাড়াও চামোলি জেলার অনেক জায়গা সাদা বরফের চাদরে মুড়ে গেছে। প্রভাব পড়েছে চারধাম যাত্রাতেও। বরফের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে যাত্রা।
মরসুমের প্রথম তুষারপাত দেখেছে হিমাচল প্রদেশের কিন্নরও। তিব্বত সীমান্তের কাছে চারাঙ্গ এলাকা বরফে ঢেকে গেছে। পাহাড়ে যখন মরসুমের প্রথম তুষারপাত হচ্ছে তখন সিমলা বা ধরমশালার মত অপেক্ষাকৃত নিচু এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। লাহুল স্পিতিতে পারদ অনেকটাই নেমে গেছে।
এর আগে সিকিমের কয়েক জায়গায় তুষারপাত হয়েছে। সেখানেও সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে অনেক এলাকা। সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষে হিমালয়ের কোলের রাজ্যগুলি এক এক করে তুষারপাতের ছোঁয়া পেতে শুরু করেছে।
প্রতিবছর এমন সময় শুরু করে ক্রমে বাড়তে থাকে তুষারপাত। ক্রমে হেমন্ত পার করে আসে শীত। হিমালয় ঢেকে যায় সাদা বরফের চাদরে।
এবার সুপার এল নিনো অনেক এমন স্বাভাবিক ঋতুচক্রে প্রভাব ফেলতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তবে ভারত লাগোয়া হিমালয়ে তুষারপাত কিন্তু স্বাভাবিকভাবেই শুরু হয়ে গেল।











