সমুদ্রের নিচে ৬৫০টি পাত্র, মিলল ২৪০০ বছর পুরনো রহস্যময় জাহাজ
প্রায় ২ হাজার ৪০০ বছর আগে কোথা থেকে কোথায় যাচ্ছিল এই বাণিজ্য জাহাজ, তার পণ্যেই লুকিয়ে থাকতে পারে এই প্রশ্নের উত্তর।
নীল সমুদ্রের নিচে ছড়িয়ে রয়েছে সারি সারি মাটির পাত্র। তাদের কোনওটি ভেঙে গিয়েছে, কোনওটি এখনও প্রায় আস্ত। আর সেই পাত্রগুলির নিচেই লুকিয়ে রয়েছে প্রায় আড়াই হাজার বছর আগের এক সমুদ্রযাত্রার গল্প।
গ্রিসের অ্যান্ড্রস দ্বীপের উপকূলে সন্ধান মিলেছে একটি প্রাচীন জাহাজডুবির। প্রথমে এক ব্যক্তির কাছ থেকে সম্ভাব্য জাহাজডুবির জায়গাটি সম্পর্কে খবর পেয়েছিল গ্রিসের জলমগ্ন প্রত্নসম্পদ দপ্তর। এরপর জলের নিচে অনুসন্ধান চালাতে গিয়ে প্রত্নতাত্ত্বিকেরা ৩৯ থেকে ৪৪ মিটার গভীরে জাহাজটির ধ্বংসাবশেষ এবং বিপুল পণ্যসামগ্রি দেখতে পান। সবচেয়ে অবাক করেছে সেখানে পড়ে থাকা পাত্রের সংখ্যা।
প্রাথমিক হিসাবে, জাহাজটিতে ছিল প্রায় ৬০০ থেকে ৬৫০টি হাতলওয়ালা পাত্র। প্রাচীন ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই ধরনের সরু তলা ও হাতলযুক্ত মাটির পাত্রে সাধারণত পানীয়, অলিভ অয়েল-সহ বিভিন্ন পণ্য বহন করা হত। ফলে গবেষকেরা মনে করছেন, এটি কোনও যুদ্ধজাহাজ নয়, বরং একটি বাণিজ্যতরী ছিল।
প্রাথমিক পর্যবেক্ষণে অন্তত ৩ ধরনের পাত্র সনাক্ত করেছেন গবেষকেরা। প্রত্যেক ধরনের একটি করে পাত্র নমুনা হিসেবে উদ্ধার করা হয়েছে আরও বিস্তারিত পরীক্ষার জন্য।
এই পাত্রগুলির গঠন এবং বয়স দেখে সেগুলিকে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর শেষভাগ থেকে চতুর্থ শতাব্দীর গোড়ার দিকের বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সামগ্রিগুলি এখন থেকে প্রায় ২ হাজার ৪০০ বছর আগের, যখন প্রাচীন গ্রিক দুনিয়ায় পরবর্তী ধ্রুপদী যুগ চলছিল। তবে এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
পাত্রগুলির বয়স থেকে পণ্যসামগ্রির সময়কাল সম্পর্কে ধারনা পাওয়া গেলেও জাহাজটি ঠিক কোথা থেকে যাত্রা শুরু করেছিল, তার গন্তব্য কোথায় ছিল এবং কোন বাণিজ্যপথ অনুসরণ করছিল তা এখনও নিশ্চিত নয়।
হাতলযুক্ত পাত্রগুলি ছাড়াও জাহাজডুবির জায়গা থেকে পাওয়া গিয়েছে নোঙর। পাশাপাশি কয়েকটি পাথরও দেখা গিয়েছে, যেগুলি সম্ভবত জাহাজটির ভার হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই ছোট ছোট সূত্রই ভবিষ্যতে জাহাজটির পরিচয় জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এখন গবেষকদের সামনে সবচেয়ে বড় রহস্য ২ হাজার ৪০০ বছর আগে ৬০০-র বেশি পাত্র নিয়ে অ্যান্ড্রসের পাশ দিয়ে কোথায় যাচ্ছিল জাহাজটি? আর কী ঘটেছিল সেই যাত্রায়, যার ফলে পুরো পণ্যসহ সেটি ভূমধ্যসাগরের অন্ধকার তলায় হারিয়ে গেল? আরও অনুসন্ধান হয়ত সেই হারিয়ে যাওয়া সমুদ্রযাত্রার গল্পই একদিন সামনে আনবে।












