হাসপাতালে বিনা চিকিৎসায় ফেলে রাখা মাকে হুইলচেয়ারে বসিয়ে বিধায়কের বাড়িতে হাজির ছেলে
হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হয়। কোনও চিকিৎসক তাঁর মাকে দেখতে আসেননি। অগত্যা মাকে হুইলচেয়ারে বসিয়ে তাঁকে নিয়ে বিধায়কের বাড়িতে হাজির হলেন ক্ষুব্ধ ছেলে।
এ এমন এক ঘটনা যা ফের একবার সরকারি হাসপাতালের বেহাল দশার চিত্র তুলে ধরল। এক ব্যক্তি কিডনির সমস্যায় আক্রান্ত মাকে নিয়ে জেলা হাসপাতালে হাজির হয়েছিলেন। সেখানে তাঁদের অপেক্ষা করতে বলা হয়।
ওই ব্যক্তির অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা এভাবে তাঁর মাকে ফেলে রাখে হাসপাতাল। কিন্তু একজন চিকিৎসকও তাঁকে দেখতে আসেননি। এমনকি হাসপাতালে ভর্তি করে নেওয়ার কথা বললেও হাসপাতাল কর্তৃপক্ষ কথা শোনেননি। ভর্তি তো করেননিই, ওই ব্যক্তির অভিযোগ তাঁকে পরামর্শ দেওয়া হয় মাকে নিয়ে তিনি যেন কোনও বেসরকারি হাসপাতালে যান।
৫ ঘণ্টার ওপর ওই হাসপাতালে অপেক্ষার পরও যখন ৫৫ বছরের ওই প্রৌঢ়ার চিকিৎসা হয়নি, তখন তাঁর ছেলে এক অন্য পদক্ষেপ করেন। রাতেই তিনি তাঁর মাকে হুইলচেয়ারে বসিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে ঠেলে নিয়ে যাওয়া শুরু করেন।
এভাবে হুইলচেয়ারে বসিয়েই তিনি তাঁর মাকে নিয়ে সোজা হাজির হন স্থানীয় বিধায়কের বাড়িতে। সুরাহা চেয়ে বিধায়কের দ্বারস্থ হন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মানচেরিয়াল জেলায়।
এই জেলার সরকারি হাসপাতালে ৫৫ বছর বয়স্কা মা বুকিয়া বুজ্জিকে নিয়ে হাজির হন ওই যুবক। বিধায়কের কাছে তিনি পৌঁছে গেছেন এটা জানার পর আরএমও হাসপাতাল থেকে হাজির হন বিধায়কের বাড়িতে। সেখানে ওই ক্ষুব্ধ ব্যক্তিকে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন তিনি।
হাসপাতালে ফিরিয়ে নিয়ে যেতে বলেন মাকে। সেখানে পৌঁছলে সঙ্গে সঙ্গে ওই প্রৌঢ়ার বেডের ব্যবস্থা হয়ে যায়। শুরু হয়ে যায় চিকিৎসাও। চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন হাসপাতালের আধিকারিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











