National

১৪৩ বছর পর নিজে থেকেই দেশের একটি জঙ্গলে ফিরল সিংহেরা, সরকার নিল বিশেষ পদক্ষেপ

এ জঙ্গলে তারা ছিলনা। ১৪৩ বছর পর তারা নিজে থেকেই সেখানে আবার ফিরে এল। ফলে রাজ্যসরকারের তরফে করা হয়েছে একাধিক পদক্ষেপ।

ভারতে যে সিংহ দেখতে পাওয়া যায় তাকে এশিয়াটিক লায়ন বলা হয়। এই সিংহ প্রজাতিটির অন্যতম বাসগৃহ গির অরণ্য। যেখানে তাদের নিশ্চিন্ত বাস। কিন্তু এবার তারা অন্য একটি জঙ্গলেও তাদের আস্তানা তৈরি শুরু করল।

এমন নয় যে সেখানে তাদের কোনও দিন পা পড়েনি। তবে সেটা ছিল ১৪৩ বছর আগের কথা। তারপর আর সেখানে সিংহের দেখা মেলেনি। আবার সেখানে সিংহদের দেখা পাওয়া শুরু হয়েছে। যা দেখার পর সে জঙ্গলকে অন্যভাবে সমৃদ্ধ করার পথে হাঁটল গুজরাট সরকার।

গুজরাটের পোরবন্দর-এর বরদা অভয়ারণ্যে দেখা পাওয়া গেল এশিয়াটিক লায়নদের। সিংহদের যে এখানে এনে রাখা হয়েছে এমনটা নয়। বরং তারা নিজে থেকেই এই জঙ্গলে ফিরতে শুরু করেছে। তাও ১৪৩ বছর পর।

যেহেতু এই জঙ্গলে সিংহরা ফিরতে শুরু করেছে তাই এই জঙ্গলের প্রশাসনিক দিকটি ঢেলে সাজানোর পথে হেঁটেছে গুজরাট সরকার। জঙ্গলের নিয়মকানুনেও বদল আনা হচ্ছে। জঙ্গলের পরিবেশগত দিকটিতে বিশেষ নজর দেওয়া হয়েছে।

জঙ্গলের আধিকারিক থেকে বন কর্মীদের দায়িত্ব অনেক বাড়ানো হয়েছে। অনেক কর্মীকে বদলি করা হয়েছে। ওয়াকিটকি থেকে বন কর্মীদের গাড়ি, কম্পিউটার থেকে ওয়্যারলেস যন্ত্রপাতি, সবেতে বদল আনা হয়েছে। এসবই করা হচ্ছে সিংহরা ওই জঙ্গলে ফেরত আসাকে সামনে রেখে।

বরদা অভয়ারণ্য সহ পোরবন্দরে আরও যে জঙ্গল এলাকা রয়েছে সেখানেও জঙ্গল সংক্রান্ত নিয়মনীতিতে বদল আনা হয়েছে। প্রসঙ্গত পোরবন্দর রেঞ্জের মোট এলাকা ৬৮৪০.৮৪ হেক্টর। যার মধ্যে ৮০টি গ্রামও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article