National

ইউনেস্কো-র প্রাথমিক তালিকায় জায়গা পেল ভারতের আরও ৪ ঐতিহাসিক স্থান

ভারতে ঐতিহাসিক ও ঐতিহ্যশালী স্থানের অভাব নেই। পর্যটকদের অন্যতম আকর্ষণও সেগুলি। তারমধ্যে আরও ৪টি স্থান নতুন করে যুক্ত হল ইউনেস্কো-র প্রাথমিক তালিকায়।

যে কোনও দেশের কোনও ঐতিহ্যশালী স্থান ইউনেস্কো-র তালিকায় জায়গা পাওয়া সে দেশের জন্য গর্বের। এতে পর্যটক আকর্ষণ বৃদ্ধি পায়। বিদেশি পর্যটকরা ইউনেস্কো তালিকায় কোনও স্থান জায়গা পেলে সে জায়গা দেখার প্রতি আগ্রহ অনেক বেশি অনুভব করেন।

ভারতে এমন অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যা ইতিমধ্যেই ইউনেস্কো-র তালিকায় জায়গা করে নিয়েছে। এবার আরও ৪টি নতুন করে ইউনেস্কোর মূল তালিকায় জায়গা পাওয়া অপেক্ষায়। কারণ সেগুলি ইউনেস্কো-র পরীক্ষামূলক তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে।

প্রসঙ্গত ইউনেস্কো এই তালিকাভুক্তির পরই কোনও স্থানকে তাদের মূল তালিকায় জায়গা দিয়ে থাকে। তখন সেটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় জায়গা করে নেয়।

মধ্যপ্রদেশের ৪টি স্থান এবার নতুন করে ইউনেস্কোর এই পরীক্ষামূলক তালিকায় জায়গা করে নিয়েছে। এরমধ্যে রয়েছে ধার-এর বাগ গুহা, রাতাপানি এলাকার গিন্নোরগড় দুর্গ, মোরেনার বটেশ্বর-পদাবলী-কাকনমঠ মন্দির এবং বিদিশা-র উদয়গিরি গুহা।

প্রসঙ্গত বর্তমানে মধ্যপ্রদেশের ১৫টি স্থান বিশ্ব ঐতিহ্যশালী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত রয়েছে। এই ৪টি যুক্ত হলে মধ্যপ্রদেশে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হবে ১৯টি।

বাগ গুহায় রয়েছে বৌদ্ধদের ৯টি পাথর কেটে তৈরি গুহা। গিন্নোরগড় দুর্গে রয়েছে গোন্দ নির্মাণশৈলীর নিদর্শন। সে সময়ের অভিনব জল নিকাশি ব্যবস্থা।

অষ্টাদশ থেকে একাদশ শতাব্দীর মধ্যে তৈরি বটেশ্বর-পদাবলী-কাকনমঠ মন্দির তার শিল্পশৈলীর জন্য বিখ্যাত। উদয়গিরি গুহায় রয়েছে গুপ্ত যুগের নিদর্শন। রয়েছে মোট ২০টি গুহা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article