National

দোকানে ঢুকে আধ বোতল মদ গলায় ঢালল এক বাঁদর, স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হল

একটি মদের দোকানে আচমকাই ঢুকে পড়ে একটি বাঁদর। তারপর কোনওদিকে ভ্রুক্ষেপ না করে একটি মদের বোতল খুলে আধ বোতল পান করে সে।

দোকান তখন খোলা। ক্রেতারাও আসছেন। মদ কিনছেন। দোকানিরাও ব্যস্ত। এর মাঝেই দোকানের মধ্যে ঢুকে পড়ে একটি বাঁদর। দোকানে বাঁদর ঢুকতে দেখে দোকানিরা তাকে প্রথমে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেন।

চেষ্টা করেন যাতে সে নিজে থেকেই দোকান থেকে বেরিয়ে যায়। কিন্তু বাঁদর না বিস্কুটে মন দিল, নাই সে দোকান থেকে বার করার চেষ্টায় আমল দিল। বরং সে যা করল তা দেখে হতবাক দোকানিরাও।

বাঁদরটি দোকানে সাজিয়ে রাখা একটি ভদকার বোতল তুলে নেয়। তারপর সেটির সিল খুলে আধ বোতল মদ একটানা পান করে ফেলে। আধ বোতল পান করার পর সামান্য সময়ের মধ্যেই তার শরীর ঝিমিয়ে আসে।

দোকানেই রাখা মদের কার্টুনগুলির ওপর গিয়ে শুয়ে পড়ে সে। শুয়ে পড়েই ঘুম। আশপাশের কিছুই তার ঘুম ভাঙাতে পারছিলনা। বরং অঘোরে ঘুমোতে থাকে বাঁদরটি। কিছুক্ষণের মত তার প্রায় জ্ঞান ছিলনা বলেও দাবি করা হয়েছে।

এদিকে বাঁদরটি ঘুমিয়ে পড়ার পর দোকান নিজের মতই চলতে থাকে। ক্রেতারা কিনতে এসে মোবাইলে ছবি তুলে নিয়ে যান সেই মদ্যপান করে ঘুমে অচেতন বাঁদরের। ঝাড়খণ্ডের রাঁচির একটি দোকানে এই ঘটনা ঘটেছে।

দোকানিদের দাবি, বাঁদরটি গত কয়েকদিন ধরেই ওই দোকানের আশপাশে ঘুরছিল। যেসব বোতল ফেলে দেওয়া হয়েছিল, তার মধ্যে সামান্য মদ থাকলেও সে সেটা খেয়ে নিচ্ছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর অনেকেই এই ঘটনার কথা জানতে পারেন।

Show Full Article