Durga Pujo

দুর্গাপুজো আদানি প্রিভিউ ২০২৬ নামে এক অভিনব উদ্যোগে জায়গা পেল ৮টি দুর্গাপুজো

বেছে নেওয়া হয়ে গেল শহরের ৮টি দুর্গাপুজো। যে পুজোগুলি দুর্গাপুজো আদানি প্রিভিউ ২০২৬ নামে এক অভিনব উদ্যোগের অংশ হওয়ার সুযোগ পেল।

দুর্গাপুজো আদানি প্রিভিউ ২০২৬, এই নামে এক অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম শিল্প সংস্থা আদানি গ্রুপ। শহরের ৮টি দুর্গাপুজো কমিটি এই উদ্যোগে স্থান পেয়েছে। যে দুর্গাপুজোগুলিকে বাছাই করা হয়েছে সেগুলির নাম সামনে এলেও তাদের বেছে নেওয়ার ক্ষেত্রে আদানি গ্রুপের কোনও হাত নেই বলে সংস্থার তরফে স্পষ্ট করা হয়েছে।

৮টি পুজোকে বেছে নিয়েছেন শিল্পী পরেশ মাইতি, শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া, বিখ্যাত স্থপতি অবিন চৌধুরী এবং কলকাতার ঐতিহ্যরক্ষায় কাজ করা মুদার পাথেরিয়া। এঁরাই শহরের ৮টি পুজোকে বেছে নিয়েছেন এই বিশেষ উদ্যোগে শামিল হওয়ার জন্য।

যে ৮টি পুজো জায়গা পেয়েছে সেই তালিকায় রয়েছে আলিপুর সার্বজনীন দুর্গোৎসব, যুব সংঘ, রাজডাঙা নবউদয় সংঘ, বরিষা ক্লাব, বেহালা ক্লাব সার্বজনীন, রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতি, ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন এবং নলিন সরকার স্ট্রীট সার্বজনীন। এই পুজোগুলির শিল্পী এবং পুজো উদ্যোক্তাদেরও শামিল করা হয়েছে এই উদ্যোগে।

দুর্গাপুজোর আগে এবং মহালয়ার পর ১০, ১১ এবং ১২ অক্টোবর সন্ধে ৬টা থেকে ভোর ৪টে পর্যন্ত এই পুজোগুলির পুজো পরিসরে পুজোর বিভিন্ন ছোট থেকে বড় শিল্পকর্ম, শিল্পটির ভাবনা, যে শিল্পকর্ম এই পুজোর প্যান্ডেল ও ঠাকুর তৈরিতে বহু পরিশ্রমে পূর্ণ রূপ পেয়েছে সে সম্বন্ধে ধারনা এবং এই পুজোর পূর্ণ রূপ পাওয়ার পিছনের কাহিনি সকলের সামনে তুলে ধরা হবে।

প্রবেশ বিনামূল্যে হলেও তার জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে। লক্ষ্য পূরণ করে যতটা ভিড় সামাল দেওয়া সম্ভব সেই সংখ্যক মানুষকে এই প্রিভিউ পাস দেওয়া হচ্ছে।

Show Full Article