বদলে যাওয়া সরকারে নতুন নামে ফিরল পুরনো প্রকল্প, লক্ষ্য প্লাস্টিক ব্যাগে লাগাম
সরকার বদলেছে। তার সঙ্গে বদলে গেল নাম। কিন্তু প্রকল্প বদলায়নি। বরং তা আরও জোরদার রূপ পেয়েছে। লক্ষ্য একটাই। প্লাস্টিক ব্যাগে নিয়ন্ত্রণ।
হলুদ রংয়ের ব্যাগ। ব্যাগগুলো প্লাস্টিকের নয়। কাপড়ের ব্যাগ। যা অনেকবার ব্যবহার করা যেতে পারে। এ ব্যাগ সংগ্রহ করাও অসুবিধার নয়। বিভিন্ন জায়গায় বসছে ভেন্ডিং মেশিন। সেখানে ১০ টাকা দিলেই পাওয়া যাবে ব্যাগ।
কেউ কিছু কেনাকাটা করতে গিয়ে যদি প্রয়োজন বোধ করেন এমন একটা ব্যাগ ১০ টাকা দিয়ে কিনে নিতে পারেন। যা তারপর অনেকবার বিভিন্ন কেনাকাটার জন্য ব্যবহারও করতে পারবেন তিনি।
এটা তামিলনাড়ুর আগের ডিএমকে সরকার চালাচ্ছিল মীনদাম মাঞ্জাপ্পাই নামে। তামিলনাড়ুতে এখন আর ডিএমকে সরকার নেই। এখন ক্ষমতায় বিজয় থালাপতি সরকার। এই সরকার কিন্তু প্লাস্টিক প্যাকেট বন্ধ করতে কাপড়ের এই ব্যাগের প্রকল্প বন্ধ করেনি। কেবল নামটা বদলে দিয়েছে। এখন এর নাম হয়েছে থুন্নিপাই স্কিম।
আনাজপাতি, মাছ, মাংস থেকে পোশাক বা অন্য কিছু কেনাকাটার পর তা বাড়ি পর্যন্ত নিয়ে আসার জন্য একটা ব্যাগের দরকার পড়ে। সেক্ষেত্রে এখনও দেশে প্লাস্টিকের ব্যাগের রমরমা কম নয়। সেখানে অনেক সরকারই লাগাম দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
তামিলনাড়ু সরকার সেই পথ বজায় রাখল। পুরনো সরকারের এই কাপড়ের ব্যাগ প্রকল্পকে বরং আরও বড় রূপ দেওয়ার চেষ্টা করছে তামিলনাড়ুর বিজয় সরকার। প্রধানত নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক।
১০৫টি স্থান চিহ্নিত করে সেখানে এই কাপড়ের হলুদ ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হচ্ছে। তামিলনাড়ুর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই ভেন্ডিং মেশিন বসানোর জন্য টেন্ডার ডেকেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











