National

গত ১ দশকে এমন বর্ষাকাল দেখেনি দেশ, জানা ছিল গত এপ্রিল থেকেই

দেশে জুন থেকে সেপ্টেম্বর, ৪ মাসের বর্ষাকাল শেষ হল। আর ৪ মাসের শেষে জানা গেল গত ১০ বছরে এমন বর্ষা দেখেনি দেশ।

গ্রীষ্ম যখন মাথায় চড়ে আগুন ঢালে তখন থেকেই দেশবাসী তাকিয়ে থাকেন এবার বর্ষা কেমন হবে তা জানার জন্য। আবহাওয়া দফতরও সেই পূর্বাভাস দিতে থাকে। সেইমত আবহাওয়া দফতর গ্রীষ্মকাল চলাকালীনই প্রথমে জানায় এবার দেশে বর্ষা স্বাভাবিকের চেয়ে কম হবে। যা ৯২ শতাংশের আশপাশে ঘোরাফেরা করবে।

পরে আবার পূর্বাভাস জারি করে জানায় ৯২ থেকে সরে তারা মনে করছে এবার স্বাভাবিকের চেয়ে ১০ শতাংশ কম, অর্থাৎ ৯০ শতাংশে থাকবে বর্ষার বৃষ্টিপাত।

সব মিলিয়ে ঘাটতি বর্ষা। সেপ্টেম্বরের শেষে এসে সেই ছবি এবার আর পূর্বাভাস নয়, একেবারে খাতায় কলমে পরিস্কার হয়ে গেল। পরিস্কার হয়ে গেল চিত্রটা।

ভারতে ৪ মাসের বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর। যদিও ভারত থেকে বর্ষা পুরোপুরি পাততাড়ি গোটাতে অক্টোবরের মাঝামাঝি। তবে খাতায় কলমে যেহেতু সেপ্টেম্বরের শেষ মানে বর্ষা শেষ, তাই সেপ্টেম্বরের শেষে পৌঁছে সার্বিক চিত্রটা দেখতে পাওয়া গেল।

আবহাওয়া দফতরের হিসাবে এবার দেশে বর্ষা ঘাটতির পর মোট বৃষ্টিপাত হয়েছে ৮৭ শতাংশ। স্বাভাবিকের চেয়ে ১৩ শতাংশ কম। যার মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে দক্ষিণ ভারতে। তারপর কম বৃষ্টি পেয়েছে পূর্ব ও উত্তরপূর্ব ভারত। ২০০১ সাল থেকে এই নিয়ে ৪ বার এমন বর্ষা ঘাটতি দেখল দেশ।

জুন মাসে এবার দেশজুড়েই বর্ষা খুব কম হয়েছিল। যা অনেকটা পুষিয়ে দেয় জুলাই ও অগাস্ট মাসের বৃষ্টিপাত। এই ২ মাসে দেশে বৃষ্টিপাত বেড়েছিল। তবে সর্বত্র নয়। সেপ্টেম্বরে পৌঁছে বর্ষা মোটামুটি হয়েছে। সব মিলিয়ে এবার দেশে বর্ষা হয়েছে স্বাভাবিকের চেয়ে কম। ৮৭ শতাংশের মত বৃষ্টি পেয়েছে ভারত।

Show Full Article