পুজোর ভিড় সামাল দিতে রেলের তরফে একগুচ্ছ ব্যবস্থা, সহজ হল দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া
দুর্গাপুজোর সময় পুজোর ছুটিতে ট্রেনে বিভিন্ন প্রান্তে যাওয়ার একটা ভিড় থাকে। পশ্চিমবঙ্গের সেই অতিরিক্ত ভিড় সামাল দিতে যাত্রী স্বার্থে একগুচ্ছ ব্যবস্থা নিল রেল।
দুর্গাপুজোয় বহু মানুষ শহর ছেড়ে বা পুজো ছেড়ে অন্যত্র যেতে পছন্দ করেননা। আবার অনেক মানুষ আছেন পুজোর ছুটির সুযোগে বেরিয়ে পড়েন বেড়াতে। কেউ কেউ আবার ছুটিতে বাড়ি ফেরেন।
পশ্চিমবঙ্গ থেকে তাই ট্রেন ধরার চাপ থাকে যথেষ্টই। সারা বছর যে ট্রেন বিভিন্ন রুটে চলে তা দিয়ে পুজোর এই অতিরিক্ত চাপ সামাল দেওয়া সম্ভব হয়না রেলের পক্ষে। তাই প্রতিবছরই বিশেষ ট্রেনের ব্যবস্থা হয় পুজোর ভিড় সামাল দিতে। এবারও তাই হয়েছে।
এবার আরও গুছিয়ে দক্ষিণ পূর্ব রেলের তরফে ১৯ জোড়া বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। শুধু দুর্গাপুজো নয়, দিওয়ালী এবং ছট পুজো উপলক্ষে ছুটবে এই বিশেষ ট্রেনগুলি। উৎসবের মরসুমে মোট ৩৪৪টি ট্রিপ করবে এই ট্রেনগুলি।
এছাড়া পুজোর ভিড় সামাল দিতে দক্ষিণ পূর্ব রেল বেশ কয়েকটি ট্রেনের সঙ্গে অতিরিক্ত কামরা যুক্ত করেছে। এমন ৩০টি কামরা যুক্ত করা হয়েছে যা উৎসবের পরেও থেকে যাবে সারা বছরের জন্য।
বিভিন্ন স্টেশন থেকে দূরপাল্লার স্পেশাল ট্রেন বা বিশেষ ট্রেনগুলি পাওয়া যাবে। এরমধ্যে রয়েছে শালিমার, সাঁতরাগাছি, দিঘার মত স্টেশন। শুধু এ রাজ্যই নয়, অন্য রাজ্য থেকেও দক্ষিণ পূর্ব রেল বিশেষ ট্রেনগুলি ছাড়বে। যার মধ্যে রয়েছে রাঁচি, হাতিয়া, আদিত্যপুর।
উৎসবের ভিড় সামাল দিতে এই বিশেষ ট্রেনগুলি যাবে চারলাপল্লি, বিশাখাপত্তনম, খুরদা রোড, আজমের, নাহারলাগুন, পুরী, তিরুবনন্তপুরম, মালদা টাউন, আনন্দ বিহার, বানো, আলিপুরদুয়ার, মুম্বই, বেঙ্গালুরু এবং লখনউ।











