State

পুজোতেও বৃষ্টি পিছু ছাড়ছে না, পুজোয় কবে কবে বৃষ্টি, কোথায় বৃষ্টি, জানা গেল পূর্বাভাস

এ পূর্বাভাস মন খারাপ করতে পারে। কারণ এবার পুজোর দিনগুলোতেও বৃষ্টি পিছু ছাড়ছে না। কবে কোথায় কেমন বৃষ্টি তার পূর্বাভাস পাওয়া গেল।

এবার পুজো দেরি করে। তাই অনেকেই ভেবেছিলেন বর্ষা বিদায়ের পর এবার পুজোর দিনগুলো শুকনোই কাটবে। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস তা বলছেনা। দুর্গাপুজোর দিনগুলোর জন্য যে পূর্বাভাস সামনে এসেছে তাতে পুজোতেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই।

মহাষ্টমী পর্যন্ত বৃষ্টি চলবে। তারপরে বৃষ্টির সম্ভাবনা তেমন না থাকলেও আকাশে মেঘের আস্তরণ থাকবে। ফলে রোদ ঝলমলে শরতের আকাশে পুজো কাটানোর সম্ভাবনা এবার কম। কোথায় কবে কবে কেমন বৃষ্টি তার পরিস্কার একটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

মহালয়ার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রতিপদ থেকে তৃতীয়া পর্যন্ত শুকনো আবহাওয়াই বজায় থাকবে। কিন্তু চতুর্থী থেকে বদলে যাবে আবহাওয়া। কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া এবং ২ মেদিনীপুরে চতুর্থীতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম এবং ২ মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এবার ২ দিন সপ্তমী। দ্বিতীয় সপ্তমী ও মহাষ্টমীতে দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী ও বিজয়াদশমীতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের অনেকাংশেই মেঘলা আকাশ থাকবে।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া ভাল থাকবে। উত্তরবঙ্গে মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত উত্তরবঙ্গের আকাশ পরিস্কার থাকবে। কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

ষষ্ঠী ও সপ্তমীতে অবশ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। মহাষ্টমী থেকে ফের শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। ফলে দুর্গাপুজোর দিনগুলোতে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরে কম।

Show Full Article