আকাশপথে উড়ে এল বাল্মীকির বাঘিনী, অপেক্ষায় বাংলার বিখ্যাত জঙ্গল
তাকে ধরা সহজ ছিলনা। তবে ধরা সে পড়েছে। সেখান থেকে সড়কপথ, আকাশপথ, সেনা হেলিকপ্টারে ভোররাতে বাংলায় প্রবেশ। এখন অপেক্ষায় রয়েছে বাংলার এক বিখ্যাত জঙ্গল।
একে এ বাঘিনীকে কাবু করা সহজ ছিলনা। তার ওপর আবার তাকে খোঁজার সময় আবহাওয়া সঙ্গ দেয়নি। প্রতিকূল আবহাওয়ায় বেশ কয়েকদিন ধরে তাকে ধরার চেষ্টা করে অবশেষে তাকে ঘুমপাড়ানি গুলি করা হয়। বাঘিনী কাবু হয়।
বিহারের বাল্মীকি অভয়ারণ্যের এই ৩ বছর বয়সের বাঘিনীটি বন কর্মীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তাকে ধরতে সক্ষম হওয়ার পর বাঘিনীকে প্রথমে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
তার শারীরিক পরীক্ষার পর বিহারের চম্পারণ জেলা থেকে তাকে সড়কপথে নিয়ে যাওয়া হয় গোরক্ষপুর বিমানবন্দরে। সেখান থেকে সেনার হেলিকপ্টারে তোলা হয় বাঘিনীকে।
সেই সেনা হেলিকপ্টার এদিন ভোররাতে এসে পৌঁছয় পশ্চিমবঙ্গের হাসিমারায়। হাসিমারায় বায়ুসেনার বিমানবন্দরে অবতরণের পর বাঘিনীকে নামানো হয়। তারপর সড়কপথে তাকে নিয়ে যাওয়া হয় বক্সা। বক্সার জঙ্গলের একটি ঘেরা জায়গায় তাকে রাখা হয়েছে। সেটাই আপাতত তার ঠিকানা।
বক্সার জঙ্গলের আবহাওয়া, প্রকৃতির সঙ্গে ২ দিনে খাপ খাইয়ে নেবে সে। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন তাকে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বক্সার জঙ্গলে বাঘের সংখ্যা বৃদ্ধিকে পাখির চোখ করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
২ অক্টোবর বাঘিনীকে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপিন্দর যাদব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার অন্যতম এক গহন অরণ্য হল বক্সার জঙ্গল।











