সেপ্টেম্বরের শেষে পৌঁছে ৪১ ডিগ্রির ওপর পারদে জ্বলছে বাঙালির অতি পরিচিত শহর
সেপ্টেম্বর প্রায় শেষ। বর্ষাও পাততাড়ি গোটাচ্ছে। এই অবস্থায় গ্রীষ্মকালের মত পারদ চড়ল ভারতের এক শহরে। পারদ পৌঁছে গেল ৪১.৫ ডিগ্রিতে। আগুনে গরমে জ্বলছে গোটা শহর।
এপ্রিল, মে মাস হলে কেউ এ নিয়ে ভাবতে যেত না। হতেই পারে ৪১.৫ ডিগ্রিতে পৌঁছে গেছে পারদ। এমন তো ভারতের অনেক জায়গাতেই পারদ পৌঁছয়। তার চেয়ে অনেক বেশিও হয়।
কিন্তু গ্রীষ্ম আর শরতের মধ্যে ফারাক আছে। দক্ষিণায়ন শুরু হয়ে জলবিষুব পার হয়ে এখন সূর্য দক্ষিণ গোলার্ধে সরাসরি আগুন ঢালছে। আর উত্তর গোলার্ধে ক্রমে শীতের পরশ আসার সময় হয়েছে। এইসময় ভারতের এক শহরে কিন্তু পারদ চড়ল ৪১.৫ ডিগ্রিতে। আগুনে গরমে জ্বলছেন শহরবাসী।
এখনও ভারতের নানা প্রান্তে বর্ষা সক্রিয়। তবে বর্ষা বিদায়ের পালা শুরু হয়েছে। এইসময় অক্টোবরের দরজায় পৌঁছে জয়সলমীরের পারদ ছুঁয়ে ফেলল ৪১.৫ ডিগ্রি।
বিশেষজ্ঞদের চিন্তা হল বর্ষা এখনও বিদায় নেয়নি, তাতেই এই অবস্থা! বর্ষা বিদায় সম্পূর্ণ হলে তারপর কি অবস্থা হবে? কারণ এবার আরও কড়ারূপে থাবা বসাবে এল নিনো।
এদিকে এখনই অস্বাভাবিক পারদ বৃদ্ধি নজর কাড়ছে ভারতের আরও অনেক জায়গায়। তার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, অসম, বিহার, সিকিম, কর্ণাটকের একাংশ, মারাঠওয়াড়া এবং বিদর্ভ।
যেখানে ভারতে এখন আলতো শীত, শুকনো আবহাওয়ার দাপট বাড়ার কথা, সেখানে এসব জায়গায় এখন গরমকালের মত উষ্ণতার ছেঁকা খেতে হচ্ছে মানুষকে।
আবহবিদেরা আশঙ্কা করছেন সেপ্টেম্বর বলেই নয়, অস্বাভাবিক পারদ বৃদ্ধি শীত জুড়েই অনুভূত হতে পারে। এল নিনো-র প্রভাবে এবার শীতের পরশ দেশের বিভিন্ন অংশে কেমন পাওয়া যাবে তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।











