State

স্থলভাগে প্রবেশে আর কিছুক্ষণের অপেক্ষা, পশ্চিমবঙ্গে কোথাও কমলা সতর্কতা, কোথাও হলুদ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটির এবার স্থলভাগে প্রবেশে আর বেশি সময় বাকি নেই। তার জেরে পশ্চিমবঙ্গের কিছু জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি হবে কলকাতাতেও।

মধ্য ও পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তিবৃদ্ধি করছিল। এবার তা স্থলভাগের দিকে এগিয়ে এসেছে। স্থলভাগে প্রবেশ এখন আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই তা আছড়ে পড়বে।

উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা দিয়ে তা স্থলভাগে প্রবেশ করতে চলেছে বলে মনে করছেন আবহবিদেরা। গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তাঁদের ধারনা গভীর নিম্নচাপটি গোপালপুর ও বিশাখাপত্তনমের মাঝামাঝি কোনও একটা জায়গা দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে।

যার জেরে বঙ্গোপসাগর উত্তাল। ঝোড়ো হাওয়া বইছে অন্ধ্র, ওড়িশা সহ পশ্চিমবঙ্গ উপকূলে। দিঘা, মন্দারমণির মত পর্যটনস্থলে বেড়াতে আসা পর্যটকদের সমুদ্র থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

নিম্নচাপটি বুধবার সন্ধে থেকে রাতের মধ্যে কোনও একসময় তার ল্যান্ডফল বা স্থলভাগে প্রবেশের কাজ সম্পূর্ণ করবে। তারপর তা মুখ ঘুরিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। তার জেরে পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।

তবে সব জেলায় নয়। বিশেষত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতেও কখনও মাঝারি তো কখনও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবারও বৃষ্টি হবে।

বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও ২ মেদিনীপুরে কমলা সতর্কতা জারি হয়েছে। বুধবারের জন্য কমলা সতর্কতা রয়েছে ঝাড়গ্রামে। বাকি সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অধিকাংশ জেলায় শুক্রবার পর্যন্ত হলুদ সতর্কতা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃহস্পতিবারের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।

Show Full Article