মহালয়ায় কেমন থাকবে আবহাওয়া, চতুর্থীতে ফের বৃষ্টির সম্ভাবনা ৪ জেলায়
পুজো এসে গেল। বৃষ্টি পুজো মাটি করার জন্য যথেষ্ট। তাই সাধারণ মানুষের প্রশ্ন একটাই, পুজোয় বৃষ্টি হবে না তো? পুজো শুরুর আগে পর্যন্ত পূর্বাভাস পাওয়া গেছে।
সামনেই মহালয়া। পুজো শুরু। বাঙালির বাৎসরিক অপেক্ষার শেষ। কিন্তু উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আবহাওয়া ভাল থাকে। সেটা কি থাকবে? এ প্রশ্ন সকলের মনেই উঁকি দিচ্ছে। কারণ গত মঙ্গল ও বুধবারের পর বৃহস্পতিবারও আকাশ জুড়ে কালো মেঘ সঙ্গ ছাড়েনি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার পর্যন্ত কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে। মহালয়ার দিনও বৃষ্টি হবে। তেমনই পূর্বাভাস। তবে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। সামান্য দুএক জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
ছবিটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। মহালয়া পর্যন্ত বৃষ্টি সাধারণ মানুষ মেনেও হয়তো নেবেন। কিন্তু তারপর বৃষ্টি হলে তা বাংলার মানুষের জন্য বেশ বিরক্তির হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মহালয়ার পর কিন্তু রবিবার থেকে শুকনো রোদ ঝলমলে আকাশ থাকবে। এভাবেই চলবে মঙ্গলবার পর্যন্ত। কিন্তু চতুর্থীতে ফের বৃষ্টি পেতে পারে রাজ্যের ৪ জেলা।
সেগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। কলকাতা সহ রাজ্যের বাকি সব জেলায় অবশ্য বৃষ্টির পূর্বাভাস নেই। তাই কলকাতায় ঠাকুর দেখতে বার হওয়া বা পুজোর আনন্দে মেতে ওঠায় কোনও সমস্যা না হওয়ারই কথা। অন্তত আবহাওয়া তো সঙ্গেই থাকবে।
এবার পুজো দেরিতে। ফলে ততদিনে বর্ষা বিদায় হয়ে যাচ্ছে। বরং অন্য চিন্তা এখন ঘুরপাক খাচ্ছে। এল নিনো-র জেরে গরম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তবে তার কোনও প্রভাব পুজোর আনন্দে পড়বে না বলেই মত সকলের।











