State

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, দুর্গাপুজোর আগে নতুন করে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বিলীন হতে না হতেই জন্ম নিচ্ছে নতুন নিম্নচাপ। আবার একটি নিম্নচাপ তৈরির জেরে নতুন করে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গ।

গত সপ্তাহে কলকাতা সহ বাংলার অধিকাংশ জেলা ভারী বৃষ্টি পেয়েছে। উপকূলীয় জেলাগুলিতে আরও বেশি বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের পরও পশ্চিমবঙ্গ বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি।

সেই বৃষ্টি সবে থেমেছে। রোদ উঠেছে। এরমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি শুরু হয়ে গেল। মায়ানমার উপকূলের কাছে তৈরি একটি নিম্নচাপ আন্দামান সাগরের কাছে পৌঁছে ক্রমশ তার শক্তি বৃদ্ধির পরিস্থিতি তৈরি করেছে।

সেটি ক্রমশ তার শক্তি বাড়াবে। তারপর সেটি উত্তর দিকে অগ্রসর হবে। মায়ানমার ও বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে তা পশ্চিমবঙ্গের ওপরও প্রভাব ফেলবে বলেই মনে করছেন আবহবিদেরা।

এই নিম্নচাপের জেরে বাংলা নতুন করে ভিজতে চলেছে। নিম্নচাপটির সরাসরি প্রভাব না পড়লেও তার যেটুকু প্রভাব পড়বে তাতে দুর্গাপুজোর প্রস্তুতি ধাক্কা খাবে বলেই মনে করা হচ্ছে।

দুর্গাপুজো ক্রমশ এগিয়ে আসছে। সেপ্টেম্বর প্রায় শেষ। অক্টোবরের শুরুতে যদি ফের নিম্নচাপের বৃদ্ধি হয় তাহলে পুজোর প্রস্তুতি বিঘ্নিত হবে। প্যান্ডেলগুলি তৈরির ক্ষেত্রে সমস্যা হবে। পুজোর বাজার ধাক্কা খাবে।

ক্রেতারা যেমন যেতে পারবেননা, তেমনই বিক্রেতারাও বৃষ্টিতে ভাল বাজার পাবেন না। তাই আর নিম্নচাপ বা বৃষ্টি কেউ চাইছেন না বাংলায়। কিন্তু বঙ্গোপসাগর থেমে নেই। একটি নিম্নচাপ মিলিয়ে যেতে না যেতেই নতুন করে তৈরি হয়ে যাচ্ছে নিম্নচাপ।

Show Full Article