National

১৭ হাজার ফুট উচ্চতায় তুবড়ে গেল যাত্রীবাহী বিমানের নাক, সেই অবস্থায় নিচে নামল বিমানটি

নাক তুবড়ে থাকা অবস্থাতেই রানওয়েতে নামল একটি বিমান। লখনউ শহরের বিমানবন্দরে অবতরণ করে সেটি। আকাশে কীভাবে নাক তুবড়ে গেল, কারণটা অবাক করতে পারে।

১০৪ জন যাত্রী নিয়ে আকাশে উড়েছিল বিমানটি। ছিলেন ৬ জন বিমানকর্মীও। ইন্ডিগো-র বিমানটি পাটনা থেকে লখনউ যাচ্ছিল। খুব বেশি সময়ের যাত্রা নয়। বিমানটি আকাশে ওঠার পর একসময় সেটি মাটি থেকে ১৭ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

সে সময় আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠে। বিদ্যুৎ চমকাতে শুরু করে। বজ্রপাত হতে থাকে। তারই মধ্যে পড়ে যায় বিমানটি। আর সেই সময়ই বাজ পড়ে বিমানটির নাকের ওপর। বজ্রাঘাতে বিমানের পুরু ধাতব চাদরের নাক তুবড়ে যায়। অনেকটা অংশই থুবড়ে ঢুকে যায়।

এমন এক অবস্থাতেও বিমানটিকে যথেষ্ট তৎপরতার সঙ্গে লখনউ পর্যন্ত নিয়ে যান পাইলট। তবে জরুরি অবতরণের অনুমতি চান। লখনউয়ের চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির যে সময় নামার কথা তার চেয়ে ৮ মিনিট আগেই সেটি অবতরণ করে।

মাটির অতটা উঁচুতে বজ্রাঘাতে এভাবে বিমানটির নাক তুবড়ে গেলেও তার জন্য বিমানের যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। সকলেই সুরক্ষিত ছিলেন। সেই অবস্থায় নেমে আসেন। নামার সময় শিলাবৃষ্টিও পায় বিমানটি।

অবতরণের পর বিমানটিকে আর ওড়ার অনুমতি দেওয়া হয়নি। বিষয়টির তদন্ত শুরু করছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ।

বিমানটির নাকের এমন অবস্থা ঠিক কী কারণে তা খতিয়ে দেখা হবে তদন্তে। বিমানটির প্রয়োজনীয় মেরামতিরও দরকার। তাই আপাতত ইন্ডিগো-র এই বিমানটি আর উড়ছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article