National

১২৫ বছরে বর্ষাকালে সবচেয়ে কম বৃষ্টিপাত দেখল ভারতের একটা অংশ

১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত কোনও বছরে সবচেয়ে কম বৃষ্টিপাত পেল ভারতের একটা অংশ। ১২৫ বছরে এত কম বৃষ্টি কখনও দেখেনি ৭ বোন।

ভারতে এবার বর্ষায় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশকিছুটা কম হয়েছে। সেটা যে হতে চলেছে তা বর্ষা শুরুর আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। তা মিলেও গেছে। কিন্তু ভারতের সব জায়গা যে খুব কম বৃষ্টি পেয়েছে এমনটা নয়।

পশ্চিমবঙ্গ সহ অনেক জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ ভালই ছিল। অন্যদিকে ভারতের দক্ষিণ অংশ, ভারতের পূর্ব অংশ এবং ভারতের উত্তরপূর্ব অংশে বৃষ্টিপাত উল্লেখযোগ্য ভাবে কম হয়েছে এবারের বর্ষায়।

প্রচুর বৃষ্টির কথা বলা হলে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও মৌসিনরামের কথা বইয়ের পাতাতেও দেখতে পাওয়া যায়। সেই মেঘালয় ভারতের যে অংশে সেই উত্তরপূর্ব ভারত এবারের বর্ষায় এত কম বৃষ্টি পেয়েছে যে গত ১২৫ বছরে বর্ষায় এত কম বৃষ্টি সেখানে কখনও হয়নি। ১৯০১ সাল থেকে পাওয়া রেকর্ড খতিয়ে দেখে আবহবিদেরা জানাচ্ছেন এবারই উত্তরপূর্ব ভারত সবচেয়ে কম বৃষ্টি পেল বর্ষায়।

উত্তরপূর্ব ভারতকে বলা হয় দেশের ৭ বোন বা সেভেন সিস্টার্স। এই ৭ বোন মানে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং নাগাল্যান্ড। এরমধ্যে অসম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়, এই ৩ রাজ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে।

ভারতের উত্তরপূর্ব অংশ সবচেয়ে কম বৃষ্টি পাওয়াটা আবহবিদদের কাছেও অবাক করা। কারণ সাধারণভাবে ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই অংশেই। উত্তরপূর্ব ভারতই বর্ষায় সবচেয়ে বেশি ভেজে। সেখানে সেই অংশই এ বছর বর্ষায় দেশের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি পেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article