স্বামীর ৩ সন্তান রয়েছে, ৬০ লক্ষ টাকা দেওয়ার পর ভারতে এসে চোখ খুলল বিদেশিনীর
প্রথমে সমাজ মাধ্যমে আলাপ। তারপর প্রেম। তারপর তাঁর দেশে গিয়ে তাঁকে বিয়ে করে ভারতের এক যুবক। কিন্তু যুবকের বাড়িতে আচমকা হাজির হতেই মাথায় হাত তরুণীর।
তাঁর সঙ্গে সমাজ মাধ্যমে আলাপ হয়েছিল উত্তরপ্রদেশের ইরফান নামে এক যুবকের। আলাপ থেকে প্রেম। এভাবেই চলে বছর চারেক। তারপর একদিন থাইল্যান্ডে তরুণীর কাছে হাজির হয় ওই যুবক।
থাইল্যান্ডে ওই তরুণীর একটি রেস্তোরাঁ রয়েছে। তিনি ওই যুবককে দেখে খুশি হন। যুবক বিয়ের প্রস্তাব দিলে তা মেনেও নেন। থাইল্যান্ডেই তাঁদের বিয়ে হয়। বিয়ে করে সেখানেই বেশ কিছুদিন কাটায় ওই যুবক। তারপর ভারতেও ফিরে আসে।
ওই তরুণীর অভিযোগ, বিয়ের পর কয়েক মাসের মধ্যে তাঁর কাছ থেকে ব্যবসার জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকা নেয় ওই যুবক। তারপর যোগাযোগ বন্ধ করে দেয়।
সন্দেহ হওয়ায় স্বামীর খোঁজে ভারতে চলে আসেন থাইল্যান্ডের ওই তরুণী। হাজির হন যুবকের আনোয়ারগঞ্জের বাড়িতে। সেখানে পৌঁছে তিনি হতবাক হয়ে যান।
যে যুবককে তিনি অবিবাহিত জেনে বিয়ে করেছিলেন তার অনেক বছর হল বিয়ে হয়ে গেছে। ৩ সন্তানও রয়েছে। এসব দেখার পর থাই তরুণীর কাছে পরিস্কার হয়ে যায় ভয়ংকর এক প্রতারণার শিকার হয়েছেন তিনি। তিনি যে বিয়ে করে ঠকেছেন তা তিনি জেনে যান।
চোখ খোলার পর যে টাকা তিনি ওই যুবককে দিয়েছিলেন তা তরুণী ফেরত চান। এমনকি পুলিশের কাছে ওই থাই তরুণী অভিযোগ করেছেন ওই যুবক তাঁকে ধর্মান্তরের পরামর্শও দেয়। থাইল্যান্ডের তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইরফান নামে ওই যুবককেও গ্রেফতার করা হয়েছে।











