National

রাজ্যবাসীর জন্য ৮০ কোটি দিয়ে অযোধ্যায় যাত্রী নিবাস বানাচ্ছে এক রাজ্য, থাকছে একগুচ্ছ সুবিধা

রাজ্যের মানুষ যদি অযোধ্যায় যেতে চান তাঁদের থাকার চিন্তা আর কিছুদিনের মধ্যে দূর করে দিতে চলেছে একটি রাজ্য। অযোধ্যায় যাত্রী নিবাস তৈরি হচ্ছে ৮০ কোটি টাকা খরচ করে।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর সেখানে দেশের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীদের আগমন বেড়েছে। সব রাজ্য থেকেই বহু মানুষ হাজির হচ্ছে রামলালার দর্শনে। অযোধ্যাকেও ঢেলে সাজানোর কাজ করছে উত্তরপ্রদেশ সরকার।

অযোধ্যায় একটি নতুন টাউনশিপ তৈরি হচ্ছে যেখানে বাইরে থেকে আসা মানুষের থাকার নানা ব্যবস্থা থাকছে। সেখানেই গুজরাট সরকার তার রাজ্যের মানুষের সুবিধার্থে একটি যাত্রী নিবাস তৈরি করছে যেখানে ৩০৮ জনের থাকার বন্দোবস্ত থাকছে।

গুজরাট থেকে যে পুণ্যার্থীরা অযোধ্যায় আসবেন তাঁদের যাতে থাকার সমস্যা না হয় সেকথা মাথায় রেখে অযোধ্যার নতুন টাউনশিপে ৬ হাজার ৯৩৯ বর্গমিটার জমির ওপর এই যাত্রী নিবাসটি তৈরি করা হচ্ছে।

যেখানে থাকার সুবিধার পাশাপাশি থাকবে একটি বিশাল হল। সেখানে একসঙ্গে ৮৬৪ জনের বসার ব্যবস্থা থাকবে। এছাড়া যাত্রী নিবাসে ডাইনিং রুম, মিটিং রুম, অডিটোরিয়াম, অন্যান্য প্রয়োজনে কাজে লাগবে এমন হল এবং স্যুভেনির শপ থাকছে।

যাত্রী নিবাসটি তৈরি করার জন্য ৮০ কোটি ২৫ লক্ষ টাকার ব্যয় বরাদ্দ ঘোষণা করা হয়েছে। ১ বছরের মধ্যেই এই যাত্রী নিবাস তৈরি হয়ে যাবে বলে মনে করছে গুজরাট সরকার।

গুজরাট সরকারের এই উদ্যোগ অন্য রাজ্যগুলির জন্যও একটি উদাহরণ। অন্য রাজ্যগুলিও এমন সুবিধা তাদের রাজ্যবাসীর জন্য করলে অযোধ্যায় যে কোনও রাজ্য থেকে আসা মানুষজনের থাকার সমস্যা অনেকটাই মিটে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article