হ্রদের নিচে খোঁজ পাওয়া গেল এক ডুবো শহরের, এতদিন এর অস্তিত্বের কথাই কেউ জানত না
একসময় এই শহরের ওপর দিয়ে ছিল রাস্তা। যে পথে অন্তর্দেশীয় বাণিজ্য হত নিয়মিত। সেই সিল্ক রুটে অবস্থিত একটা শহর হারিয়ে গিয়েছিল জলের তলায়।
একটা হ্রদ। সেই হ্রদের টলটলে জল শত শত বছর ধরে মানুষ দেখছেন। কিন্তু সে জলের তলায় যে একটা আস্ত শহর ডুবে আছে তা কারও জানা ছিলনা। সম্প্রতি এক গবেষক দল জলের তলায় খোঁজ চালাতে গিয়ে এই ডুবো শহরের দেখা পায়।
জলের অনেকটা তলায় ডুবে থাকা সেই শহরটি কতটা বড় তা এখনও পরিস্কার নয়। কারণ জলের তলায় অন্ধকার এতটাই যে সেখানে দেখা যাচ্ছেনা ভাল করে। তবে বিজ্ঞানীরা থেমে নেই। তাঁরা খোঁজ অব্যাহত রেখেছেন।
গবেষকেরা জানাচ্ছেন, শহরটি একটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর ছিল। মধ্য এশিয়ার এক প্রধান সিল্ক রুটে এই শহর পড়ত। চিন থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত যে পথে বাণিজ্যিক আদানপ্রদান নিয়মিত হত, এই শহরটি সেই সিল্ক রুটের মধ্যে পড়ছে।
ফলে তার গুরুত্ব কতটা ছিল তা পরিস্কার। কিন্তু এমন এক শহরের কথা ইতিহাসের অগোচরেই রয়ে গেছে। কেউ এতদিন পর্যন্ত এমন এক শহরের অস্তিত্বের কথাই জানতেন না। সেটাই এবার সামনে এল।
জলের তলায় হারিয়ে থাকা এই শহরের খোঁজ পাওয়া গেছে কিরগিজস্তানে। কিরগিজস্তানের ইসিককুল হ্রদের তলায় এই শহরটি রয়েছে। ঠান্ডা জলের তলায় হরিয়ে যাওয়া এই শহরের নাম কি ছিল তা এখনও পরিস্কার নয়।
বিশেষজ্ঞদের অনুমান কোনও ভূমিকম্পের জেরেই ব্যস্ত এ শহর এভাবে জলের তলায় হারিয়ে যায়। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি নজর কেড়েছে।