State

স্থলভাগে ঢুকেছে নিম্নচাপ, তার জেরে কলকাতা সহ রাজ্য জুড়ে বর্ষণ, কবে পর্যন্ত চলবে দুর্যোগ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি রাতেই স্থলভাগে প্রবেশ করেছে। যার প্রভাবে বাংলা জুড়ে চলছে বৃষ্টি। কবে পর্যন্ত এই পরিস্থিতি বহাল থাকবে।

বুধবার রাতে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের কাছ দিয়ে সাগর থেকে স্থলভাগে প্রবেশ করে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি। স্থলভাগে প্রবেশের পর তার প্রভাবে প্রবল বর্ষণ শুরু হয়েছে অন্ধ্র ও ওড়িশায়।

এদিকে স্থলভাগে প্রবেশের পর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপটি। তার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের অনেক জায়গায় বৃষ্টি তার দাপট বাড়িয়েছে।

কলকাতায় সকালের দিকে রোদের দেখা পাওয়া গেলেও পরে প্রবল বৃষ্টি শুরু হয়। দফায় দফায় বৃষ্টির কবলে পড়েছে কলকাতা। রাজ্যের উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি রয়েছে। সেখানে অতি ভারী বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে।

বাকি জেলাগুলিতেও দফায় দফায় বৃষ্টি চলছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হচ্ছে। উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা রয়েছে। সেখানেও প্রবল বর্ষণ চলছে। এই বৃষ্টি কবে পর্যন্ত চলবে? কবে পরিস্কার হবে আকাশ? এ প্রশ্ন সকলের।

আবহবিদেরা জানাচ্ছেন, এই পরিস্থিতি শুক্রবারও বজায় থাকবে। তবে শনিবার থেকে আকাশ পরিস্কার হয়ে যাবে। রোদ উঠবে। মাঝেমধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ফলে সপ্তাহের কাজের দিনগুলোতে বৃষ্টি সমস্যা তৈরি করলেও শনি ও রবিবারে দুর্গাপুজোর কেনাকাটায় বাধ সাধবে না বৃষ্টি। অন্তত এখনও পর্যন্ত তাই পূর্বাভাস। যা অবশ্যই ক্রেতা থেকে বিক্রেতা সকলের মুখেই হাসি ফুটিয়েছে।

Show Full Article