নদীর জল উপচে পৌঁছে গেল শপিং মলে, ভাসছে দেশের অন্যতম শহর
শহরের পাশ দিয়ে বয়ে গেছে নদী। সেখান থেকে জল উপচে রাজপথ ভাসিয়ে জল পৌঁছে গেছে শহরের অন্যতম শপিং মলে। এমন দৃশ্য শহরবাসীর অচেনা।
রাস্তা বলে দিতে হবে। নাহলে মনে হবে নদী। শহরের গা দিয়ে বয়ে গেছে ভারতের এক অন্যতম নদী। অধিকাংশ বড় শহর তৈরি হয়েছে নদীর ধারে। এ শহর আবার ভারতের অন্যতম প্রাচীন শহর। যার সঙ্গে জড়িয়ে আছে নবাবদের ইতিহাস।
সেই নবাবি শহর এখন জলের তলায়। গোমতী নদীর জল উপচে পৌঁছে গেছে শহরের আনাচেকানাচে। সেখানে জল থৈথৈ অবস্থা। জলের তলায় অনেক রাজপথ।
লখনউ শহরের অন্যতম শপিং মল ফিনিক্স পালাসিও মল। সেই মলের সামনে জল ভরে গেছে। তার লাগোয়া সার্ভিস লেনও জলে ভেসে গেছে। শহরের এ অঞ্চল রীতিমত বর্ধিষ্ণু এলাকা হিসাবে পরিচিত। সেখানে এমন জলের অবস্থা স্থানীয়দের রীতিমত সমস্যার কারণ হয়েছে।
লখনউ শহরের উত্তর ও পশ্চিম ভাগ জলের তলায় চলে গেছে। পুরকর্মীরা জল নামানোর চেষ্টা করছেন। সেই সঙ্গে উত্তরপ্রদেশের রাজধানী শহরে যাতে জলবাহিত কোনও রোগ না ছড়ায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
শহিদ পথ, ইকানা স্টেডিয়াম অঞ্চলও জলের তলায়। জল জমেছে অন্যান্য এলাকাতেও। যেখানে যেখানে জল জমেছে সেখানকার বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে পানীয় জল। এছাড়া বেশ কয়েকটি পরিবারকে নিশ্চিন্ত আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়েছে।
রাতের আশ্রয় হিসাবে বেশ কয়েকটি অস্থায়ী ত্রাণ শিবিরও খোলা হয়েছে লখনউতে। লখনউয়ের জলমগ্ন এলাকায় নৌকা নেমেছে। যাতে চেপে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিচ্ছেন উদ্ধারকারীরা।











