Sports

ডার্বির রং সবুজ মেরুন, ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান

বাঙালির আবেগের সেই চিরপ্রতিদ্বন্দ্বিতা। আর সেই ইলিশ চিংড়ির লড়াই জিতে নিল সবুজ মেরুন। ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড জিতল মেরিনার্সরা।

ডার্বি মানেই বাঙালির আবেগ। ডার্বি মানেই শতবর্ষের প্রতিদ্বন্দ্বিতা। যা আজও অমলিন। বাঙালির জীবনের সঙ্গে মিশে থাকা মোহনবাগান ইস্টবেঙ্গল লড়াই সর্বদাই উত্তাপ উত্তেজনায় ভরা। বৃহস্পতিবারও সেই ছবি দেখা গেছে যুবভারতীর গ্যালারিতে।

১২৬ তম আইএফএ শিল্ড ফাইনালে এদিন মোহনবাগান চেয়েছিল ডুরান্ড ফাইনালে পরাজয়ের বদলা নিতে। অন্যদিকে ইস্টবেঙ্গল চেয়েছিল শিল্ড জয়ে সম্পূর্ণ ঝাঁপিয়ে পড়তে।

প্রথমার্ধে খেলা শুরুর পর কিন্তু ইস্টবেঙ্গলকেই দাপুটে ফুটবল খেলতে দেখা গিয়েছিল। কিছু সুযোগও এ সময় তৈরি হয়। যা খুব একটা কাজে লাগাতে পারেনি লাল হলুদ। ২০ মিনিটের পর থেকে ক্রমে খেলার মোড় ঘোরে। মোহনবাগান খেলায় ফেরে। আক্রমণও বাড়াতে থাকে।

একে পর এক সুযোগ তৈরি হয়। পর পর ইস্টবেঙ্গলের গোলে আক্রমণ শানাতে থাকলে একটা সময় তার সুফল পাওয়া যায়। সেটাই মোহনবাগান পেয়ে যায় খেলার ৪৪ মিনিটে।

সাহালের দেওয়া একটি ক্রস নিয়ন্ত্রণে নিয়ে শট করে ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেন সামির জেলকোভিচ। মোহনবাগান হাফটাইমের আগেই এগিয়ে যায় ১ গোলে।

দ্বিতীয়ার্ধে কিন্তু ইস্টবেঙ্গলের দিক থেকে সেই মরিয়া আক্রমণ দেখতে পাওয়া যায়নি। মোহনবাগানের দিক থেকেও তেমন নজর কাড়া ফুটবল চোখে পড়েনি। প্রথমার্ধে যেমন আক্রমণে তেজ ছিল তা দ্বিতীয়ার্ধে উধাও হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ তৈরি হলেও তা গোলমুখ খুলতে পারেনি। খেলা শেষ হয় ১-০ ব্যবধানে। প্রথম ২০ মিনিট বাদে এদিন কিন্তু ইস্টবেঙ্গল তেমন দাগ কাটতে পারেনি।

১ গোলে হাবাসের ছেলেদের হারিয়ে শিল্ড জিতে নেয় পানাইয়োটিস দিমপেরিসের কোচিংয়ে থাকা মোহনবাগান। আর সেই সঙ্গে ডুরান্ড ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল সবুজ মেরুন।

Show Full Article