ভারতেই রয়েছে এশিয়ার প্রাচীনতম চিনার গাছ, ৬৫০ বছর বয়সেও গাছটি সবুজে ভরা
এটা ভারতের একটা বড় প্রাপ্তি। এশিয়ার সবচেয়ে প্রাচীন চিনার গাছটি রয়েছে এই দেশের মাটিতেই। ৬৫০ বছর বয়সের এই গাছ আজও বহাল তবিয়তে বেঁচে আছে।
ভারতের সবচেয়ে পুরনো চিনার গাছ এখন আর শুধুই একটি গাছ নয়, একটি ইতিহাস। ইতিহাসের ধারক ও বাহক। ভারতে মোগল যুগের সূচনারও অনেক আগে থেকে মাথা তুলে বেঁচে থাকা এই গাছ আজও সমান ঐতিহ্য ও আভিজাত্যের সঙ্গেই ডালপালা ছড়িয়ে সবুজে ভরে বেঁচে আছে বহাল তবিয়তে। যা দেখতে এখন বহু মানুষ ভিড় জমান।
এশিয়ার সবচেয়ে প্রাচীন জীবিত চিনার গাছটি রয়েছে কাশ্মীরের বদগামে। এই গাছটির বেশ কিছু পুরনো ডালপালা নষ্ট হয়েছে ঠিকই, তবে তার জন্য গাছের ক্ষতি হয়নি। বরং সেটি ভালভাবেই বেঁচে আছে।
গাছটির আয়ু যাতে আরও দীর্ঘায়ত হয় তার জন্য এটির দেখভাল করা হচ্ছে। নজরে রাখা হয়েছে গাছটির স্বাস্থ্য। চারধারে বেড়া দেওয়া হয়েছে যাতে কেউ চাইলেই তার ধারেকাছে ঘেঁষতে না পারেন। তবে দূর থেকে দেখায় কোনও আপত্তি নেই।
কাশ্মীরের চিনার গাছ অনেক পর্যটকের কাছেই একটা দেখার বিষয়। আগে যত চিনার গাছ ছিল তা এখন অনেকটা কমেছে। কারণ যেমন পরিকাঠামো বাড়তে থাকা, তেমনই মানুষের গাছ কাটার প্রবণতা।
সেই সঙ্গে আবার গাছে পোকা লাগা, বয়স হয়ে যাওয়া বা কোনও রোগে আক্রান্ত হওয়াও কমিয়ে দিচ্ছে চিনার গাছের সংখ্যা। তাই এখন চিনার সংরক্ষণে জোর দেওয়া হয়েছে।
গাছের একটা ডালও এখন প্রশাসনের অনুমতি ছাড়া ভাঙা যায়না। তাছাড়া নতুন নতুন চিনার চারাও রোপণ করা হচ্ছে যাতে চিনার গাছের সংখ্যা আরও বৃদ্ধি করা যায়।











