বিলুপ্ত হওয়া লোমশ হাতি ম্যামথদের ফেরাচ্ছে বিজ্ঞান, ২০৩০ সালেই দেখা পাওয়া যাবে তাদের
একটা সময় অসহ্য ঠান্ডায় পৃথিবীর বুকে ঘুরে বেড়াত ম্যামথ নামে একধরনের লোমশ হাতি। তারা এখন বিলুপ্ত। সেই ম্যামথদের আবার ফিরিয়ে আনতে চলেছেন বিজ্ঞানীরা।
এমন নয় যে এটাই প্রথম। এর আগে হারিয়ে যাওয়া শেয়াল থেকে কয়েকটি জীবকে ফের পৃথিবীতে ফিরিয়ে আনা, তাদের প্রকৃতির মাঝে বেড়ে ওঠার পরিবেশ দেওয়া নিয়ে অগ্রসর হয়েছেন বিজ্ঞানীরা। এবার তাঁরা স্থির করেছেন ফেরাবেন ম্যামথকে।
বিশাল চেহারার লম্বা লম্বা দাঁতের হাতি। যাদের গা ভরা থাকত লম্বা লোমে। যা তাদের ঠান্ডার হাত থেকে রেহাই দিত। সেই ম্যামথের ছবি অনেকে দেখেছেন ঠিকই, কিন্তু এ প্রাণি বহুকাল আগেই বিলুপ্ত হয়ে গেছে।
এবার সেই ম্যামথকে ফেরাতে বিজ্ঞানীরা বেছে নিয়েছেন এশিয়াটিক এলিফ্যান্ট। এই হাতিদের চেহারার সঙ্গে ম্যামথের চেহারা কাছাকাছি যায় বলেই মনে করছেন বিজ্ঞানীরা। কেবল লোমগুলো নেই।
বিজ্ঞানীরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ২০২৮ সালেই ম্যামথ শিশুর জন্ম দিতে চাইছেন। বায়োটেকনোলজি কাজে লাগিয়ে এই লক্ষ্যে এগিয়ে যাবে স্টার্টআপ সংস্থা কোলোসাল বায়োসায়েন্সেস।
বিজ্ঞানীরা মনে করছেন ২০৩০ সালের মধ্যেই পৃথিবীতে ম্যামথ ঘোরাফেরা শুরু করে দেবে। যদিও তাঁদের একাংশ মনে করছেন পৃথিবীর প্রবল ঠান্ডা এলাকায় এই নতুন তৈরি ম্যামথদের জীবিত রাখার মত প্রস্তুতি খুব সহজ কাজ নয়।
স্থির হয়েছে জিন এডিটিং প্রযুক্তি কাজে লাগিয়ে এশিয়াটিক হাতির ডিএনএ কাজে লাগানো হবে। এসব হাতির আবার ১৫০ ধরনের জেনেটিক পরিবর্তন করতে হবে। তবেই তাদের থেকে ম্যামথের জন্ম দেওয়া সম্ভব হবে। নিউ ইয়র্ক পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরটি বেশ আলোড়ন ফেলে দিয়েছে।











