জলে কি লাল রঙের মাছ ভেসে যাচ্ছে, নজর করতেই ভাঙল ভুল
ওগুলো লাল রঙের মাছ নাকি। ভাল করে দেখার পর অনেকের ভুল ভাঙল। মাছ নয়। গ্যাস সিলিন্ডার। তাও আবার হাজার হাজার। যা ভেসে যাচ্ছে পাতাল গঙ্গা দিয়ে।
এমনিতেই প্রবল বর্ষণ। ফলে জল বাড়ছে। নদী ফুঁসছে। অনেক নদীর শান্ত ধারা এখন ভীষণই অশান্ত। জলের তোড় দেখে কেউই নদীর জলে নামার সাহস দেখাচ্ছেন না। এড়িয়ে যাচ্ছেন নদীর পার।
এমনই পাগলপারা হয়ে ছুটে চলেছে পাতাল গঙ্গা নদী। ফলে নদীর জলে নামার অবস্থা নেই। সেই উত্তাল জলের নদীর দিকে তাকিয়ে অবশ্য অনেকেরই প্রথমে অবাক লেগেছিল।
নদী দিয়ে ভেসে যাচ্ছে প্রচুর লাল মাছ! ভাল করে দেখার পর তাঁরা বুঝতে পারেন কোনওটাই মাছ নয়! বরং ওগুলো গ্যাসের সিলিন্ডার। ১টা ২টো নয়, হাজার হাজার এমন গ্যাস সিলিন্ডার ভেসে যাচ্ছে উত্তাল নদীর স্রোতে।
এ খবর ছড়াতে সময় নেয়নি। অনেকেই এই ছবিও তুলে ফেলেন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড়ের পাতাল গঙ্গা নদীতে। একটানা বৃষ্টিতে বিধ্বস্ত রায়গড়। এখানকার এইচপিসিএল পাতাল গঙ্গা এলপিজি বটলিং প্লান্টের মধ্যেও জল ঢুকে যায়।
পাতাল গঙ্গা নদীর জল বটলিং প্লান্টে প্রবেশ করে সেখানে রাখা ৩ হাজারের ওপর গ্যাস সিলিন্ডার ভাসিয়ে নিয়ে যায়। সেই গ্যাস সিলিন্ডারগুলি নদীর জলের প্রবল স্রোতে ভেসে যায়। সেটাই নজরে পড়ে আশপাশের মানুষের।
প্রশাসনের তরফে সকলকে সতর্ক করে জানানো হয়েছে এই সিলিন্ডারগুলি যদি কেউ জল থেকে উদ্ধার করেন, তাহলে তা ব্যবহার করার যেন চেষ্টা না করেন। বাড়ি নিয়ে চলে না যান। কারণ এগুলি কতটা সুরক্ষিত অবস্থায় আছে তা কারও জানা নেই।
তাই এটা জলে পেয়ে কেউ যদি ব্যবহার করার চেষ্টা করেন তাহলে তাঁর বড় বিপদ হতে পারে। বরং এই সিলিন্ডারগুলি পেলে তা প্রশাসন বা এইচপিসিএল-এর কাছে ফেরত দিতে অনুরোধ করা হয়েছে।













