হারাতে বসা পাখিকে ফের মরুরাজ্যে ফেরালেন বঙ্গসন্তান বিজ্ঞানী
প্রায় হারাতে বসা এ পাখি মরুরাজ্যের গর্ব। সে পাখিকে হারাতে দিলেন না এক বঙ্গসন্তান বিজ্ঞানী। পাখি বালির বুকে ডানা মেলতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় বনমন্ত্রী।
এ পাখি বিলুপ্তপ্রায় পাখির দলে পড়ে গিয়েছিল। হারাতে বসা সে পাখিকে ফের মরুভূমির মাঝে ডানা মেলে ওড়ার ব্যবস্থা করলেন বিজ্ঞানী সুতীর্থ দত্ত এবং তাঁর সঙ্গে এই কাজে নিয়োজিত আরও ২ বিজ্ঞানী তুষ্ণা করকরিয়া এবং হৃষিকা শর্মা।
রাজস্থানের গর্ব হিসাবেই পরিচিত গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড নামে একটি পাখি। কিন্তু এ পাখি হারাতে বসেছে। বিলুপ্তপ্রায় অবস্থায় পৌঁছে যাওয়া এই পাখিদের আবার তাদের চেনা আকাশে ফিরিয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন এই বিজ্ঞানীরা।
পাখিদের নজরদারিতে রেখে তাদের ডিম ফুটে শাবক তৈরির ব্যবস্থা করা থেকে তাদের জীবন রক্ষায় প্রাণপাত পরিশ্রম, কিছুই বাকি রাখেননি বিজ্ঞানীরা। অবশেষে এদিন ২ বার গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ডানা মেলল রাজস্থানে।
রবিবার সকালে কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপিন্দর যাদব রাজস্থানের জয়সলমীরের সাম-এর ডেসার্ট ন্যাশনাল পার্কে ২টি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডকে প্রকৃতির বুকে ছেড়ে দেন। এই বিরল ক্ষণ অবশ্যই ভারতের প্রাণি রক্ষা কর্মসূচিতে এক অন্যতম পদক্ষেপ হয়ে রইল।
২টি পাখিকে ছাড়ার সময় ওই প্রাণিদের প্রকৃতির বুকে ডানা মেলার অবস্থায় আনার জন্য ৩ বিজ্ঞানী আবেগপ্রবণ হয়ে পড়েন। যা নজর এড়ায়নি বনমন্ত্রীর। তিনি সেকথা পরে তুলেও ধরেন।
গত শনিবারই বনমন্ত্রী গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডদের পৃথিবী থেকে বিলুপ্তি রুখতে এই বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম এবং কাজ দেখে এসেছিলেন। রবিবার তাই তাঁদের সেই পরিশ্রমের কথা বলে প্রশংসায় কার্পণ্য করেননি বনমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











