National

ভারতে চিতার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, চোখ ফুটল আরও ৫টির

ভারতে ২০২২ সালেও চিতা বাস করতনা। মাত্র ৪ বছরের ব্যবধানে সেই চিতার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার চোখ ফুটে ভারতের অরণ্য দেখল আরও ৫।

সবে জন্ম নিয়েছে। চোখ ভাল করে ফোটেনি এখনও। তাতেই প্রথম যে পৃথিবী তারা দেখল তা ভারতের কুনো জাতীয় উদ্যান। চারধারে জঙ্গল। মাটিতে ভারতের গন্ধ। সেখানেই ৫ চিতা শাবক নিজেদের মধ্যে কুণ্ডলী পাকিয়ে পৃথিবীকে চিনতে চাইছে।

কুনোর জঙ্গলে আরও ৫ চিতার জন্ম দিল ৩২ মাস বয়সের মা। মানে মায়ের বয়স ২ বছর ৮ মাস। নাম কেজেপি২১। তার গর্ভেই ভারতের মাটিতে জন্ম নিল এই ৫ সন্তান। আর তার সঙ্গেই ভারতের মাটিতে ভূমিষ্ঠ হওয়া চিতার সংখ্যা দাঁড়াল ৪১। একথা জানিয়েছেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপিন্দর যাদব।

এই ৫ চিতা শাবকের জননী কেজেপি২১ নিজেও ভারতের মাটিতেই জন্ম নিয়েছিল। এই স্ত্রী চিতা ছিল ভারতে জন্ম নেওয়া তৃতীয় চিতা। ২০২২ সালের সেপ্টেম্বরে গৃহীত হয় প্রোজেক্ট চিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছায় এই প্রকল্প রূপায়িত হয়।

আফ্রিকা থেকে চিতা এনে ছাড়া হয় মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে। তার আগে ভারতে চিতা বলে কোনও প্রাণি ছিলনা। তাদের চেনা জায়গা না হলেও কুনোতে মানিয়ে নিতে আফ্রিকার চিতাদের অসুবিধা হয়নি।

এখানেই থেকেছে। সন্তানের জন্ম দিয়েছে। আর এই ৪ বছরে তো কুনো তাদের বাড়িঘর হয়ে উঠেছে। এই নিশ্চিন্ত বাসে তাই তারা এখন দ্রুত সংখ্যায় বাড়ছে। এই ৫ চিতা শাবকের জন্মের সঙ্গে সঙ্গে ভারতে এখন চিতার সংখ্যা বেড়ে হল ৬০। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article