তাঁর ভুল হয়ে গিয়েছিল, মাধুরী দীক্ষিতের কাছে স্বীকার করে নিলেন অমিতাভ বচ্চন
একবার তাঁর ভুল হয়ে গিয়েছিল। একটি টিভি শোতে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কাছে তা স্বীকার করে নিলেন অমিতাভ বচ্চন। ভুলটা পর্দায় দেখিয়ে দেন মাধুরী।
তাঁর একবার একটা খুব ভুল হয়ে গিয়েছিল। সামনে বসা মাধুরী দীক্ষিতের কাছে কার্যত অকপটেই স্বীকার করে নেন অমিতাভ বচ্চন। অমিতাভ জানান, একটি সিনেমা ছিল, যেখানে তিনি এক, দো, তিন গানটিতে মাধুরীর নাচের নকল করেন।
বিষয়টি মজা করে করা হয়েছিল। বিষয়টি নিয়ে মাধুরীর কাছে এতদিন পর খোলাখুলি তাঁর খারাপ লাগার কথা জানালেন অমিতাভ। এটা শোনার পর মাধুরী সেই অনুষ্ঠানের মাঝেই পর্দায় অমিতাভের সেই নকল করার অংশটি দেখান।
যা দেখে কার্যতই লজ্জিত হয়ে পড়েন অমিতাভ। হেসেও ফেলেন। বলেন, কোথা থেকে যে লোকজন এসব বার করে রেখেছে। এটাও বলেন, একটা ভাল গানকে কীভাবে খারাপ করতে হয় সেটা সকলে এখানে দেখতে পেলেন।
মাধুরী দীক্ষিত অভিনীত তেজাব সিনেমাটি মুক্তি পায় ১৯৮৮ সালে। সেই সিনেমার একটি গান তখন গোটা ভারতের কোণায় কোণায় বাজছিল। সেটা ছিল এক, দো, তিন। সেই গানের তালে মাধুরীর বিখ্যাত নাচটিও মানুষের মন কেড়ে নিয়েছিল।
প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল গানটি এবং তার সঙ্গে মাধুরীর নাচ। তার পরের বছর মুক্তি পায় অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা তুফান।
সেই সিনেমায় একটি দৃশ্যে অমিতাভকে এই গানের সঙ্গে নাচ নকল করতে দেখা গিয়েছিল। সেটা যে তখন তাঁর করা উচিত হয়নি তা এদিন প্রকাশ্যেই মেনে নিলেন অমিতাভ বচ্চন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











