World

এ গ্রামে গেলে ৮০০ জনকে দেখতে পাওয়া যায়, তবে তারা কেউ মানুষ নয়

এমন আশ্চর্য গ্রাম যে এখানে গেলে গা ছমছম করতে পারে। কারণ এ গ্রামে কোনও মানুষের বাস নেই। অথচ নানা ভঙ্গিতে থাকা ৮০০ জনকে দেখতে পাওয়া যায়।

একটি গ্রাম। অনেক গাছপালা। কিন্তু মানুষ নেই। এ গ্রামে মানুষ বাস করেননা। তবে বাস করে ৮০০ জন। এরা কেউ মানুষ নয়। মানুষের মূর্তি। নানা বয়সের স্ত্রী পুরুষ, নানা ভঙ্গিমায় এখানে মূর্তি হয়ে দাঁড়িয়ে বা বসে আছে। আছেন ভগবান বুদ্ধও। তাঁরও বেশ কয়েকটি মূর্তি রয়েছে।

খুব বেশিদিন আগের কথা নয়। এ গ্রামে এক ধনী ব্যক্তি ১৯৮৯ সালে এই মূর্তিগুলি তৈরি করান। যাতে এই জায়গাটা সুন্দর লাগে। এখানে মানুষ আসতে পারেন। কিছুটা সময় কাটাতে পারেন ভগবান বুদ্ধের কাছে।

সেকিবাতসু ন সাতো হল এই গ্রামের নাম। গ্রামের নামটি জাপানি ভাষায় হলেও তার মানে হল এমন এক গ্রাম যেখানে বুদ্ধের মূর্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। জাপানের তোয়ামা প্রিফেকচারে অবস্থিত এই গ্রামটিকে বলা হয় স্ট্যাচু ভিলেজ বা মূর্তির গ্রাম।

যিনি এটি তৈরি করান তিনি এখানে প্রায় ৮০০টি মূর্তি বিভিন্ন জায়গায় রেখে দিয়েছিলেন। সেগুলি এখনও রয়েছে। তবে মাঝে এই মূর্তির গ্রামটির হাল অনেকটাই বেহাল হয়েছিল রক্ষণাবেক্ষণের অভাবে।

পরে এক ফটোগ্রাফার এই গ্রামের ছবি প্রকাশ করে গ্রামটি সম্বন্ধে মানুষকে জানান। তারপর থেকে এখানে অনেক পর্যটক হাজির হন। ফলে সেখানে মানুষের আনাগোনা বেড়েছে। গ্রামটি জাপানে বেশ পরিচিত। পর্যটকদের কাছেও পরিচিত। কারণ এ গ্রামে মানুষ থাকেন না, থাকে ৮০০ মূর্তি।

Show Full Article