অতি বিরল নীল চোখ, সাদা শরীরে কালো ডোরা, প্রথম এমন বাঘ পেল হিমালয়ের রাজ্য
এমন বাঘ প্রায় দেখাই যায়না যার চোখ এমন নীল। তার ওপর তার সাদা রং চোখ সরাতে দেয়না। হিমালয়ের এক রাজ্য এই প্রথম এমন একটি বাঘ পেল।
সাদা বাঘ বিষয়টির সঙ্গে অনেকেই পরিচিত। আলিপুর চিড়িয়াখানাতেও সাদা বাঘ অনেকে দেখেছেন। সাদা বাঘ বিরল হলেও তা একদম দেখা যায়না এমনটা নয়। তাই সাদা রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। পর্যটকদের কাছে তাদের একটা অন্যই আকর্ষণ।
কিন্তু এ বাঘ শুধুই সাদা বাঘ নয়। তার আরও একটি নজরকাড়া আকর্ষণ হল তার চোখ। গভীর নীল চোখের এমন সাদা বাঘ অতি বিরল। উত্তরাখণ্ড এমনই একটি বাঘ পেল। আর এটাই সে রাজ্যে পা দেওয়া প্রথম নীল চোখের সাদা বাঘ।
উত্তরাখণ্ডের দেরাদুনে পৌঁছলেও সেখানে সাধারণ মানুষের সামনে এ বাঘকে এখনই আনা হচ্ছেনা। তাকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটা সময় দেওয়া হবে। নতুন পরিবেশে তার কোনও সমস্যা হচ্ছে কিনা সেদিকেও কড়া নজর রাখা হবে।
সেজন্য আপাতত সেটিকে দেরাদুন চিড়িয়াখানারই একটি এমন অংশে রাখা হয়েছে যেখানে চিড়িয়াখানার কর্মী এবং পশু চিকিৎসকরা ছাড়া আর কেউ যেতে পারবেননা। ১ মাসের মত সময় তাকে এভাবেই রাখা হবে। তারপর তাকে সকলের দেখার জন্য চিড়িয়াখানার একটি জায়গা বরাদ্দ করা হবে।
ভারতের বিভিন্ন প্রান্তে প্রাণি বৈচিত্র্য বাড়াতে রাজ্যগুলির মধ্যে প্রাণি আদানপ্রদান চলে। সেভাবেই গোয়ালিয়র চিড়িয়াখানা থেকে এই নীল চোখের সাদা বাঘটিকে আনা হয়েছে দেরাদুনে।
তেজস নামের এই সাদা বাঘটিকে সাড়ে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আনা হয় দেরাদুনে। বিনিময়ে উত্তরাখণ্ড থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেওয়া হয়েছে গোয়ালিয়র চিড়িয়াখানাকে।











