National

ধাপ কুয়ো সাফ করতে দেখা গেল কুয়োটাই একটা শিবলিঙ্গ, খবর পেতেই জমল ভিড়

ধাপ কুয়ো বা স্টেপ ওয়েল। যা জঞ্জালের মধ্যে ঢাকা পড়েছিল বহুবছর। এখন তা সাফ হতে দেখা গেল পুরো কুয়োটাই একটা শিবলিঙ্গ। দেখতে উপচে পড়ল ভিড়।

ধাপ কুয়ো ভারতের নানা প্রান্তেই দেখতে পাওয়া যায়। সাধারণ কুয়োয় যেমন বালতি ফেলে জল তুলতে হয়, ধাপ কুয়োয় তা করার দরকার পড়েনা। একদম কুয়োর নিচ পর্যন্ত সিঁড়ি বেয়ে নেমে যাওয়া যায়।

এগুলি নানাধরনের হয়। এগুলি অনেকসময় প্রাচীনকালে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে স্নানাগার হিসাবেও ব্যবহার হত। এমন ধাপ কুয়োর ঐতিহাসিক নিদর্শন দেশের নানা প্রান্তেই দেখতে পাওয়া যায়। এবার এমনই একটি ধাপ কুয়ো সাফ করে যা দেখা গেল তা দেখে মানুষ হতবাক।

৩০০ বছর পুরনো এই ধাপ কুয়োটি রয়েছে কর্ণাটকের বেলাগাভি জেলার মাটগা গ্রামে। প্রায় ৩০ বছরের ওপর এটি জঞ্জালের স্তূপের মধ্যে হারিয়ে গিয়েছিল। ঐতিহাসিক গুরুত্ব থাকলেও তা চাপা পড়েছিল আবর্জনায়।

সম্প্রতি তা সাফ করার উদ্যোগ নেয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সাফ করার পর কুয়োর জল পর্যন্ত পৌঁছতে ৫৩টি পাথরের সিঁড়ি বেরিয়ে আসে। কুয়োর পাথরের নির্মাণটি পরিস্কার সামনে চলে আসে।

৮০ ফুট নিচে জল পর্যন্ত পৌঁছতে যেভাবে ধাপ কুয়োটি ৩০০ বছর আগে তৈরি করা হয়েছিল তা সাফসুতরো অবস্থায় স্পষ্ট করে সকলের নজরে পড়ে। আর তখনই সেই বিষয়টি নজরে আসে যা দেশজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে।

একটু উপর থেকে দেখলে দেখা যায় ধাপ কুয়োটি স্পষ্ট একটি শিব লিঙ্গের আদলে তৈরি করা হয়েছে। যেন শিবলিঙ্গ ধাপ কুয়ো। এটা জানার পরই সেখানে কৌতূহলী মানুষের ভিড় উপচে পড়ে।

Show Full Article