আরও বৃষ্টি অপেক্ষা করছে, কবে পর্যন্ত চলবে বৃষ্টি, কবে থেকে শুকনো আবহাওয়া, মিলল পূর্বাভাস
মঙ্গলবার সন্ধেয় ঝেঁপে বৃষ্টির পর ফের বুধবার বেলায় বৃষ্টি। এবারও ঝেঁপে। এমন বৃষ্টি আরও হবে বলেই পূর্বাভাস। কবে থেকে শুকনো আবহাওয়া তাও জানা গেল।
উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার অবস্থান, এখনও রাজ্যে মৌসুমি বায়ু সক্রিয় এবং বাতাসে প্রচুর জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে। এই ত্রিফলায় মহালয়ার আগে ঝেঁপে বৃষ্টি নামছে কলকাতা সহ অন্যান্য জায়গায়।
মঙ্গলবার সন্ধেয় মেঘ গর্জে, বিদ্যুৎ চমকে প্রবল বৃষ্টিতে ভেসেছে কলকাতা সহ আশপাশের জেলা। রাজ্যের বিভিন্ন জেলাতেই বৃষ্টি নামছে। ভারী বৃষ্টি হচ্ছে। আর এই অবস্থা এখনই থামার নয়।
বিদায় নেওয়ার আগে স্লগ ওভারে বর্ষার ব্যাটিংয়ে ভিজছে গোটা রাজ্য। দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি শুক্রবার পর্যন্ত বজায় থাকবে। বিকেল সন্ধে নাগাদ বৃষ্টির সম্ভাবনা বেশি।
শনিবার মহালয়ার দিন থেকে কমতে শুরু করবে এই বৃষ্টির দাপট। আগামী রবিবার থেকে রাজ্য জুড়ে শুকনো আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস।
উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত এমন বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলবে। তারপর থেকে আস্তে আস্তে শুকনো আবহাওয়া বিরাজ করবে। অন্তত এখন যা আবহাওয়ার পরিস্থিতি তাতে এমনই পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা।
ফলে পুজো নিয়ে আশাবাদী মানুষজন। মহালয়া হওয়া মানেই পুজোর আনন্দ প্রায় শুরু। প্যান্ডেলে ভিড় বাড়তে থাকবে এরপর। সামনের সপ্তাহের শুরু থেকেই বিভিন্ন পুজোর উদ্বোধন শুরু হয়ে যাবে।
তাই সে সময় কেউই বৃষ্টি চাইছেন না। উৎসবের আনন্দ বৃষ্টিতে মাটি হোক সেটা কেউ চান না। দুর্গাপুজোয় মেঘলা নয়, ঝলমলে শরতের আকাশই পছন্দ করেন বাংলার মানুষ।











