National

স্ত্রীকে বাড়ি ফেরাতে ৮০ ফুট টাওয়ারে চড়লেন যুবক, অনেকে মজা করে বললেন বউপাগল

স্ত্রীকে বাড়ি ফেরাতে চান। সেজন্য অভিনব রাস্তায় হাঁটলেন এক যুবক। ৮০ ফুট উঁচু টাওয়ারে চড়লেন তিনি। শোলে সিনেমার দৃশ্য যেন বাস্তব রূপ পেল।

শোলে সিনেমায় বাসন্তীকে বিয়ে করার জন্য জলের ট্যাঙ্কে চড়েছিল বীরু। এবার স্ত্রীকে বাড়ি ফেরাতে ৮০ ফুট টাওয়ারে চড়লেন এক যুবক। একটি মোবাইল টাওয়ারের মাথায় চড়েন তিনি।

একদম মাথায় চড়ে সেখানে খালি গায়ে একটা প্যান্ট পরিহিত অবস্থায় দাঁড়িয়ে পড়েন। যা দেখে নিচে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। যে ঝুঁকিপূর্ণ অবস্থায় ওই যুবক ছিলেন তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারত। তিনি পড়ে যেতে পারতেন। কিন্তু কেন এমন আশ্চর্য কাজ?

এর উত্তর ওই মোবাইল টাওয়ার থেকেই দেন যুবক। যুবক জানান তাঁর সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়েছে। ঝগড়ার জেরে তাঁর স্ত্রী রাগ করে তাঁর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছেন। তাঁর ওপর তাঁর স্ত্রী রেগে আছেন।

যুবক চান তাঁর স্ত্রী আবার তাঁর কাছে ফিরে আসুন। সেজন্য তিনি ওই টাওয়ারে চড়েছেন। এটাও জানিয়ে দেন যতক্ষণ না তাঁর স্ত্রী তাঁর কাছে ফিরছেন ততক্ষণ তিনি টাওয়ার থেকে নামবেন না।

নিচে বহু মানুষ তখন দাঁড়িয়ে পড়েছেন। অনেক কৌতূহলীর ভিড়। অনেকেই যুবককে নিচে নেমে আসার অনুরোধ করতে থাকেন। কিন্তু তিনি নাছোড় অবস্থান নিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে ওই মোবাইল টাওয়ারেই দাঁড়িয়ে থাকেন।

এদিকে এই ঘটনার খবর পুলিশের কাছেও পৌঁছয়। পৌঁছয় দমকল বিভাগের কাছেও। তারা হাজির হয়ে দীর্ঘসময় ধরে ওই যুবককে বুঝিয়ে অবশেষে তাঁকে নিচে নামাতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে।

Show Full Article