National

১৭০ বছর আগে এখানে শেষ দেখা গিয়েছিল, সেই জঙ্গলে পা রাখল ২ চিতা

এ জঙ্গলে বাঘের অভাব নেই। কিন্তু চিতা ছিলনা। ১৭০ বছর আগে শেষবার এ জঙ্গলে চিতার দেখা পাওয়া গিয়েছিল। এতদিন পর সেখানে পা রাখল ২ চিতা।

২০২২ সালে আফ্রিকা থেকে ৮টি চিতাকে ভারতে এনে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। সেই ৮টি চিতা দিয়ে শুরু করে এখন ভারতে মোট চিতার সংখ্যা ৬০। প্রধানত কুনোতেই তাদের বাস।

দেশের বিভিন্ন জঙ্গলে চিতা ছড়িয়ে দিয়ে প্রাণি বৈচিত্র্য বাড়াতে এবার মধ্যপ্রদেশেরই আর এক জঙ্গলে ছাড়া হল ২ চিতাকে। একটি পুরুষ ও ১টি স্ত্রী চিতাকে ছাড়া হয়েছে। এমন এক জঙ্গলে তাদের ছাড়া হয়েছে যেখানে ১৭০ বছর আগে শেষবার চিতার দেখতে পাওয়া গিয়েছিল।

এবার পুরুষ চিতা ব্যোম এবং স্ত্রী চিতা নীরাকে ছাড়া হল এখানে। সেই জায়গায় ছাড়া হয়েছে যেখানে বাঘদের বেশ ভিড় রয়েছে। এদিন ২টি চিতাকে এই জঙ্গলে ছেড়ে দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

এরফলে ১৭০ বছর পর এই জঙ্গলে চিতার পাদচারণা শুরু হল। আগামী কয়েক দিনের মধ্যেই এখানে আরও ২টি চিতা ছাড়া হবে। মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে তো বটেই, তার সঙ্গে গান্ধী সাগর অভয়ারণ্যেও রয়েছে চিতা।

এবার ওই রাজ্যের তৃতীয় জঙ্গল সাগরের রানি দুর্গাবতী টাইগার রিজার্ভ-এ ছাড়া হল এই ২ চিতাকে। এভাবেই আস্তে আস্তে ভারতের নানা প্রান্তের নানা জঙ্গলে চিতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের।

মধ্যপ্রদেশের আবহাওয়ায় যে চিতারা মানিয়ে নিয়েছে তা অবশ্য পরিস্কার। এখানে ক্রমে বংশবৃদ্ধিও করছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article