National

কুম্ভ নয়, ১২ বছরে একবার এ পুণ্যস্নানে প্রতিদিন ১ কোটি পুণ্যার্থীর জন্য তৈরি প্রশাসন

দেশে পুণ্যস্নানে প্রথমসারিতে রয়েছে কুম্ভস্নান। তবে আর এক স্নানও বিখ্যাত। ১২ বছরে একবার আসে সুযোগ। এবার প্রতিদিন ১ কোটি পুণ্যার্থী ডুব দেবেন বলে মনে করছে প্রশাসন।

পুণ্যস্নানের কথা উঠলে কুম্ভস্নানের কথা প্রথমে মনে আসে। তারপর গঙ্গাসাগর সহ অনেক পবিত্র নদীর জলে স্নানের পরম্পরা প্রচলিত। তার মধ্যে একটি হল গোদাবরী নদীর জলের পুণ্যস্নান।

দক্ষিণ ভারতের অন্যতম গোদাবরী নদীর জলে পুণ্যস্নান গোদাবরী পুষ্করম নামে পরিচিত। ১২ বছরে ১ বার পালিত হয় গোদাবরী পুষ্করম। ১২ দিন ধরে চলে এই পুণ্যস্নান। যা ২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছিল। ফের তা অনুষ্ঠিত হতে চলেছে ২০২৭ সালে।

২০২৭ সালের ২৬ জুন থেকে ৭ জুলাই পুষ্করম অনুষ্ঠিত হবে গোদাবরী নদীর বিভিন্ন ঘাটে। কোনও একটা বিশেষ ঘাট বা স্থানে নয়, গোদাবরী নদীর জলে ওই ১২ দিনের মধ্যে ১ দিন স্নানটা পুণ্যার্থীদের কাছে গুরুত্বপূর্ণ।

হাতে ৩০০ দিনের ওপর সময় থাকলেও প্রস্তুতি এখনই শুরু করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গোদাবরী পুষ্করম নিয়ে ইতিমধ্যেই একগুচ্ছ নির্দেশ দিয়েছেন।

প্রশাসনের তরফে মনে করা হচ্ছে গোদাবরী পুষ্করমের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হওয়া ১ কোটি করে পুণ্যার্থী প্রতিদিন ডুব দেবেন গোদাবরীর জলে। স্নানের জন্য ৪৪০টি ঘাট থাকছে। যারমধ্যে ২৫৯টি ঘাট এখনই রয়েছে। যার সংস্কার সাধন করা হচ্ছে। এছাড়া ১৮১টি নতুন ঘাট তৈরিও করা হচ্ছে।

জোর দেওয়া হচ্ছে রাস্তা তৈরি ও আলোর ব্যবস্থায়। পানীয় জলের ব্যবস্থাও রাখা হচ্ছে। থাকছে এআই নির্ভর ভিড় নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি, ড্রোনের মাধ্যমে নজরদারি। ৪ হাজার ২৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গোদাবরী পুষ্করম-কে সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article