দানবীয় চেহারার কুমড়ো ফলিয়ে নিজেকেই হারিয়ে দিলেন এক কৃষক
কুমড়োকে দানবীয় চেহারা দেওয়া তাঁর শখে পরিণত হয়েছে। তাই নিজের তৈরি এক দানব কুমড়োকে ওজনে হারিয়ে তার চেয়েও বড় কুমড়ো ফলিয়ে চমক দিলেন এক বৃদ্ধ কৃষক।
একটা কুমড়োর ওজন কত হতে পারে? ৫ কেজি, ১০ কেজি, না হয় ২০ কেজি। কিন্তু একটা কুমড়োর ওজন যদি প্রায় ১ হাজার ৩০০ কেজি হয়, তাহলে অবাক হওয়ারই কথা। এমনই এক অবিশ্বাস্য কুমড়ো ফলিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ব্রিটেনের ৬৫ বছরের এক কৃষক।
ব্রিটেনের হ্যাম্পশায়ারের বাসিন্দা ইয়ান প্যাটন এমন একটি কুমড়ো ফলিয়েছেন যার ওজন ১ হাজার ২৯৫ দশমিক ৮ কিলোগ্রাম। অর্থাৎ প্রায় ১ হাজার ৩০০ কেজি। কুমড়োটির নাম রাখা হয়েছে বাঘিরা। নামটি নেওয়া হয়েছে বিখ্যাত জঙ্গল বুকের কালো চিতাবাঘের নাম থেকে।
৩ অক্টোবর ব্রিটেনের বার্কশায়ারে আয়োজিত একটি প্রতিযোগিতায় কুমড়োটির ওজন মাপা হয়। আর সেখানেই তৈরি হয় নতুন বিশ্বরেকর্ড। মজার বিষয় হল, ইয়ান ভেঙেছেন তাঁর নিজেরই পুরনো রেকর্ড।
২০২৫ সালে যমজ ভাই স্টুয়ার্টের সঙ্গে মিলে তিনি ১ হাজার ২৭৮ দশমিক ৮ কেজি ওজনের একটি কুমড়ো ফলিয়েছিলেন। সেই কুমড়োকেও ওজনে ছাপিয়ে গেল এবারের কুমড়োটি।
এত বিশাল কুমড়ো ফলানো মোটেও সহজ ছিল না। ইয়ান জানিয়েছেন, প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত গাছটির পরিচর্যা করতে হয়েছে তাঁকে। গরমের সময় প্রতিদিন প্রায় ১৩০ গ্যালন জল দিতে হয়েছে। গাছের বৃদ্ধি, পরিবেশ এবং প্রয়োজনীয় পরিচর্যার দিকেও রাখতে হয়েছে বিশেষ নজর।
৫ দশকেরও বেশি সময় ধরে ২ ভাই বিশাল কুমড়ো ফলিয়ে আসছিলেন। গত বছর স্টুয়ার্ট অবসর নিলেও ইয়ান থামেননি। এবার একাই গড়ে ফেললেন নতুন ইতিহাস।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাঘিরা থেকে ইতিমধ্যেই ২ হাজার ৬০০টিরও বেশি বীজ সংগ্রহ করেছেন ইয়ান। তাঁর পরবর্তী লক্ষ্য ৩ হাজার পাউন্ড ওজনের কুমড়ো ফলানো। এখন দেখার, নিজের এই নতুন বিশ্বরেকর্ডও তিনি আবার ভাঙতে পারেন কিনা।











