পৃথিবীর পাশেই রয়েছে মেঘে ঢাকা জগত, আবহাওয়া বদলায় পৃথিবীর মতই
পৃথিবীর মতই এখানে বদলে যায় আবহাওয়া। মেঘ ভেসে বেড়ায় আকাশে। কিন্তু তা সৌরমণ্ডলের অংশ নয়। পৃথিবী থেকে এমন কিছু দূরে নয় এই আশ্চর্য জগতের অবস্থান।
পৃথিবী থেকে প্রায় সাড়ে ৭ আলোকবর্ষ দূরে রয়েছে এমন এক অদ্ভুত জগত যেখানে মেঘের চেহারা বদলে যাচ্ছে সময়ের সঙ্গে। কখনও মেঘ ঘন হচ্ছে, কখনও আবার পাতলা। এত দূরের একটি জগতের আবহাওয়ার এমন পরিবর্তন সনাক্ত করে চমকে দিয়েছেন বিজ্ঞানীরা।
এই রহস্যময় জগতের নাম ডব্লিউআইএসই ০৮৫৫। এটি কোনও সাধারণ গ্রহ নয়, আবার পূর্ণাঙ্গ নক্ষত্রও নয়। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ব্রাউন ডোয়ার্ফ বা বাদামি বামন।
এ ধরনের মহাজাগতিক বস্তু নক্ষত্রের মতো স্থায়ীভাবে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া চালানোর মতো যথেষ্ট ভারী নয়। তবে নিজের জন্মের সময়কার তাপ পরেও কিছুটা ধরে রাখে।
আকারে প্রায় বৃহস্পতির সমান হলেও ভরে বৃহস্পতির প্রায় দ্বিগুণ এই জগত। এর বায়ুমণ্ডল এত ঠান্ডা যে সেখানে জলীয় মেঘ তৈরি হতে পারে। বিষয়টি বুঝতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। টানা ১১ ঘণ্টা ধরে প্রতি ১৫ মিনিট অন্তর তাঁরা সংগ্রহ করেছেন ডব্লিউআইএসই ০৮৫৫ থেকে আসা আলোর বর্ণালির তথ্য।
সেই তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে ডব্লিউআইএসই ০৮৫৫-তে দ্রুত মেঘের ঘনত্ব বদলাচ্ছে। একইসঙ্গে গভীর বায়ুমণ্ডল থেকে কার্বন মনোক্সাইড ও ফসফিনের মতো গ্যাস উপরের দিকে উঠে আসার সংকেতও মিলেছে। গবেষকদের মতে, ভিতরের তাপের প্রভাবে গ্যাসের এই ওঠানামা ঘটছে। বৃহস্পতির বায়ুমণ্ডলেও এমন প্রক্রিয়া দেখা যায়।
অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে হওয়া এই গবেষণা প্রকাশিত হয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে। গবেষকদের আশা, এই আবিষ্কার ভবিষ্যতে সৌরজগতের বাইরের বিশাল গ্যাসীয় গ্রহগুলির আবহাওয়া বোঝার ক্ষেত্রে নতুন পথ খুলে দেবে।











